ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ঝড়ে পড়ে যাওয়া একটি গাছ কেটে ফেলার পর আবার দাঁড়িয়ে থাকার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি দেখতে প্রতিদিন শত শত মানুষ ভিড় করছেন।
উপজেলার মোগড়া ইউনিয়নের বচিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, ঝড়ে গাছটি পড়ে যাওয়ার পর সেটি কেটে টুকরা করা হয়। কিন্তু পরে গাছের একটি অংশ আবার সোজা হয়ে দাঁড়িয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, ডালপালাহীন গাছটির একটি অংশ মাটিতে দাঁড়িয়ে আছে, যার নিচের অংশ কাটা। গাছটিতে লাল কাপড় বাঁধা হয়েছে এবং চারপাশে চিহ্ন টানিয়ে রাখা হয়েছে। ঘটনাটিকে ঘিরে অনেকে একে অলৌকিক বলে মনে করছেন।
স্থানীয় বাসিন্দা শারমীন সুলতানা জানান, তিনি নিজ চোখে গাছটি পড়ে যেতে এবং পরে আবার দাঁড়াতে দেখেছেন। তার দাবি, প্রায় দেড় মাস আগে ঝড়ে গাছটি পড়ে যায় এবং কাটার সময় হঠাৎ তা সোজা হয়ে দাঁড়িয়ে যায়।
পরিবারের সদস্য আবুল বাশার মুন্সী বলেন, গাছটি ঝড়ে পড়ে যাওয়ার পর বিক্রি করা হয়েছিল। কাটার পর এটি আবার দাঁড়িয়ে যায়, যা তিনি সৃষ্টিকর্তার কুদরত হিসেবে দেখছেন।
গাছের মালিক মাহবুব মুন্সী জানান, প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ গাছটি দেখতে আসছেন। অনেকেই মানত করছেন, আগরবাতি ও মোমবাতি জ্বালাচ্ছেন এবং কেউ কেউ গাছের শেকড় সংগ্রহ করছেন, যা তারা রোগমুক্তির আশায় ব্যবহার করতে চান।
তবে কাঠুরিয়া মো. আমিন মিয়ার মতে, গাছটি শেকড়সহ উল্টে পড়েছিল এবং ডাল কাটার পর ভারসাম্যের কারণে এটি আবার দাঁড়িয়ে যায়। তিনি বলেন, গাছের গোড়ার কিছু অংশ কেটে দিলে এটি পুনরায় পড়ে যাবে।