আফগানিস্তানে দুই হাজারের বেশি নতুন টেলিযোগাযোগ টাওয়ার স্থাপন ও চালু করা হয়েছে বলে জানিয়েছে দেশটির যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।
ইমারাতে ইসলামিয়া প্রতিষ্ঠা হওয়ার পর থেকে দেশজুড়ে এসব টাওয়ার স্থাপন করা হয়েছে। বিশেষ করে প্রত্যন্ত ও টেলিযোগাযোগ সুবিধাবঞ্চিত এলাকায় মোবাইল ও ইন্টারনেট সেবা সম্প্রসারণের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আরিয়ানা নিউজের প্রকাশিত এক সংবাদ থেকে এ তথ্য জানা যায়।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, নতুন স্থাপন করা টাওয়ারগুলোর মধ্যে ৪৫০টি নির্মাণ করেছে আফগানিস্তান টেলিকম নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (এটিআরএ)। বাকি টাওয়ারগুলো কর্তৃপক্ষের সহযোগিতায় বিভিন্ন টেলিযোগাযোগ কোম্পানি স্থাপন করেছে।
মন্ত্রণালয় জানায়, নেটওয়ার্কের আওতা বাড়ানো, সেবার মান উন্নত করা এবং প্রত্যন্ত এলাকার মানুষের কাছে মোবাইল ও ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া তাদের অন্যতম প্রধান অগ্রাধিকার।
এ ছাড়া দেশজুড়ে বর্তমানে প্রায় ১০ হাজার টেলিযোগাযোগ টাওয়ার চালু রয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে দেশটিতে টেলিযোগাযোগ সেবার গ্রাহকসংখ্যা ২ কোটি ২০ লাখ থেকে বেড়ে ৩ কোটি ২০ লাখে দাঁড়িয়েছে।
তবে টেলিযোগাযোগ অবকাঠামোর এই সম্প্রসারণের পরও প্রত্যন্ত এলাকার কিছু মানুষ এখনো নির্ভরযোগ্য টেলিযোগাযোগ সেবা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সমস্যার মুখোমুখি হচ্ছেন। এ পরিস্থিতি থেকে বোঝা যায়, খাতটিতে আরও বিনিয়োগ প্রয়োজন।
বিশেষ করে যেসব এলাকায় ডিজিটাল অবকাঠামো সীমিত, সেসব অঞ্চলে শিক্ষা, ব্যবসা, অর্থনৈতিক উন্নয়ন ও জনসাধারণের মধ্যে যোগাযোগের জন্য নির্ভরযোগ্য টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তানের সব অঞ্চলে নেটওয়ার্কের আওতা বাড়ানো এবং টেলিযোগাযোগ সেবার মান উন্নয়নে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
সূত্র : আরিয়ানা নিউজ
Is this conversation helpful so far?