আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

দুবাইয়ের শারজাহ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নেন তাওহীদ হৃদয়। ফাইনালে উঠতে আগে ব্যাটিংটাই তাদের জন্য তুলনামূলক সুবিধাজনক ছিল। তবে ব্যাটারদের ব্যর্থতায় কোনো কাজেই এলো না সেই সিদ্ধান্ত। পারভেজ হোসেন ইমনের ৭০ রানের সুবাদে ৪২তম ওভারে অলআউট হওয়া বাংলাদেশ ১৬০ রান তোলে।

সেই লক্ষ্য তাড়ায় নেমে আফগানিস্তান ৩৯ রানে ২ উইকেট হারায়। তৃতীয় ওভারের পঞ্চম বলে রহমানউল্লাহ গুরবাজকে (৬) বোল্ড করেছেন তাসকিন আহমেদ। সপ্তম ওভারে সেদিকউল্লাহ অটলকেও (৪) বোল্ড করে তিনি বাংলাদেশকে ম্যাচে ফেরার চেষ্টা চালিয়েছেন।

তৃতীয় উইকেট জুটিতে ইব্রাহিম জাদরান ও রহমত শাহ মিলে ৫৬ রান যোগ করে মূলত টাইগারদের আশা আরও ক্ষীণ করে তোলেন। ইব্রাহিমের বিদায়ে ভাঙে সেই জুটি। মুস্তাফিজুর রহমানের বলে তিনি ক্যাচ তুলে দিলে মিডউইকেটে পেছনের দিকে লাফিয়ে বল তালুবন্দি করেন নাজমুল হোসেন শান্ত। নতুন ব্যাটার হাশমতউল্লাহ শহীদিকে নিয়ে রহমত অনায়াসে ১১৯ রানের গেরো খুলে আফগানদের ফাইনাল নিশ্চিত করেছেন।

Home R3