জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।
রবিবার (২৮ জুন) দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ক্যাম্প চত্বরে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাকে বিদেশ থেকে দেশে ফিরিয়ে এনে আইন অনুযায়ী বিচার কার্যক্রম সম্পন্ন করা হবে। আওয়ামী লীগের বিষয়ে কোনো আপস করা হবে না বলেও তিনি উল্লেখ করেন। যারা দলটিকে প্রশ্রয় দেবে, তাদের বিরুদ্ধেও রাজনৈতিকভাবে অবস্থান নেওয়া হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ভবিষ্যতে দেশে কোনো ধরনের স্বৈরাচারী বা ফ্যাসিবাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা হলে জনগণ তা প্রতিহত করবে।
সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি অভিযোগ করেন, ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুশইনের মতো কর্মকাণ্ডে জড়িত। মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিজিবির সঙ্গে সমন্বয় করে সীমান্তে নজরদারি জোরদার করতে হবে, যাতে কোনো অবৈধ অনুপ্রবেশ ঘটতে না পারে।
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির নেতা প্রীতম দাস, আফজাল হোসেন, আব্দুল মালিক সাচ্চু ও আমির হামজা। এতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন।