২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভের ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার প্রতিবাদে বুধবার (২৯ জুলাই) সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে দলটি। একই সঙ্গে হবিগঞ্জে পৃথক বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে কড়া বক্তব্য দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে এনসিপির দপ্তর সেলের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হবিগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রায় মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার প্রতিবাদে বুধবার সারাদেশে দলীয় প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।

এনসিপির সব মহানগর, জেলা, উপজেলা ও থানা শাখাকে নিজ নিজ এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সাংগঠনিক ইউনিটগুলোকে কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং দলীয় নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

এদিকে হবিগঞ্জে হামলার প্রতিবাদে উত্তরাঞ্চলের জুলাই পদযাত্রার রোডম্যাপ অনুযায়ী বুধবার মৌলভীবাজার জেলার দুটি পদযাত্রা সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন সারজিস আলম।

মঙ্গলবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘পদযাত্রার পরিবর্তে আগামীকাল বুধবার বিকেল ৩টায় হবিগঞ্জ শহরে এনসিপির ওপর বিএনপির ন্যক্কারজনক সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হবে।’

সারজিস আলম জানান, ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এমপি, সারোয়ার তুষারসহ কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন নেতা উপস্থিত থাকবেন।

পোস্টের শেষাংশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে সারজিস আলম লেখেন, ‘জনাব তারেক রহমান, আমরাও দেখতে চাই, আপনি আপনার সন্ত্রাসী বাহিনী দিয়ে কত রক্ত ঝরাতে পারেন, কত কিশোরের চোখ উপড়ে ফেলতে পারেন, কত মানুষের জীবন নিতে পারেন! দেখা হবে রাজপথে, ইনশাআল্লাহ।’

Home R3