এবার সৌদি আরবের দাম্মামে অবস্থিত ‘কিং ফাহাদ’ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আটজন। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় এই হামলা চালানো হয় বলে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে জানানো হয়, আহত আটজনের মধ্যে কারও অবস্থা সামান্য এবং কারও অবস্থা গুরুতর। তবে সবাইকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের মতে, হামলায় পরিকাঠামোগত ক্ষয়ক্ষতিও হয়েছে, যা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে এই ঘটনার পরপরই সৌদি আরবে অবস্থানরত মার্কিন সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
সোশ্যাল মিডিয়া এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র টমি পিগট বলেন, ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বেসামরিক বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে আক্রমণ জোরদার করেছে। এর ফলে বেসামরিক নাগরিক হতাহতের পাশাপাশি বিমান চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটছে। আমাদের কর্মীদের ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করাই প্রথম অগ্রাধিকার।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল মজিদ আল-নাজিলি নিশ্চিত করেছেন যে, হুতি বাহিনী একদিনেই চতুর্থবারের মতো আল-রাইয়ান বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে।