২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সব মডেল মসজিদের বিদ্যুৎ বিল সরকার পরিশোধ করবে: সংসদে ধর্মমন্ত্রী

দেশের সব মডেল মসজিদের বিদ্যুৎ বিল সরকারিভাবে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে বিরোধীদলীয় এমপি শেখ মনজুরুল হক রাহাদ-এর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনটি পরিচালনা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

ধর্মমন্ত্রী বলেন, প্রতিটি মডেল মসজিদের জন্য ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল সরকার বহন করবে। এর বেশি বিদ্যুৎ খরচ হলে তা সংশ্লিষ্ট মসজিদ কমিটি দান-অনুদানের মাধ্যমে পরিশোধ করবে।

তিনি আরও জানান, দেশের ইউনিয়ন ও পৌরসভাগুলোর মোট ৪ হাজার ৯০৮টি মসজিদে প্রায় ১৪ হাজার ৭২৪ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকার মাসিক ভাতা প্রদান করছে। এ তথ্য তিনি বিএনপির সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী-এর প্রশ্নের জবাবে তুলে ধরেন।