১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ

জিপিএ-৫ প্রাপ্ত শতাধিক কৃতি শিক্ষার্থীকে ইত্তেহাদুল উলামা উত্তরখানের সংবর্ধনা

জিপিএ-৫ প্রাপ্ত শতাধিক কৃতি শিক্ষার্থীকে ইত্তেহাদুল উলামা উত্তরখানের সংবর্ধনা

রাজধানী ঢাকার উত্তরখান থানাধীন এলাকায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ–৫ পেয়ে উত্তীর্ণ ১১৯ জন কৃতী শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা দিয়েছে আলেমদের সামাজিক ও ধর্মীয় সংগঠন ইত্তেহাদুল উলামা উত্তরখান।

শনিবার (১২ সেপ্টেম্বর) এক জাঁকজমকপূর্ণ ও ব্যতিক্রমধর্মী আয়োজনের মাধ্যমে এসব কৃতী শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে সংবর্ধিত প্রত্যেক শিক্ষার্থীর হাতে একটি করে সম্মাননা ক্রেস্ট, প্রশংসাপত্র এবং তিনটি করে বিশেষ ইসলামি বই তুলে দেওয়া হয়।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা শরীফ মুহাম্মদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা ক্বারী মো. সেলিম। এ ছাড়া সংবর্ধনা সভায় ইত্তেহাদুল উলামা উত্তরখানের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং বিপুলসংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যকার কৃত্রিম দূরত্ব দূর করে পারস্পরিক সৌহার্দ্য ও একটি সুদৃঢ় ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তোলাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে অতিথিরা আশাবাদ ব্যক্ত করে বলেন, এ ধরনের প্রশংসনীয় উদ্যোগ সাধারণ শিক্ষা ও ধর্মীয় শিক্ষার মধ্যকার পারস্পরিক মেলবন্ধনকে আরও সুসংহত করবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে।

Home R3