১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

রিশাদ-মেহেদীর ঘূর্ণিতে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে সমতায় বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৪ রানের জয় তুলে নিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা।

আগে ব্যাট করে বাংলাদেশ তোলে ৬ উইকেটে ১৮৬ রান। দারুণ শুরু এনে দেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। তাদের উদ্বোধনী জুটিতে আসে ১২০ রান।

সাইফ ৪৫ বলে ৫৫ রান করেন। তানজিদ খেলেন ৫৮ রানের ইনিংস। দুজন আউট হওয়ার পর বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামে। অল্প ব্যবধানে হারায় পাঁচ উইকেট।

শেষ দিকে মোহাম্মদ সাইফউদ্দিন ১০ বলে ৩১ রান করেন। ইয়াসির রাব্বি ১২ বলে যোগ করেন ২২ রান। তাদের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় বাংলাদেশ।

১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে জিম্বাবুয়ে। শেখ মেহেদী ও নাহিদ রানার আঘাতে দ্রুত উইকেট হারায় তারা।

সিকান্দার রাজা ১২ বলে ২৮ রান করে লড়াইয়ের চেষ্টা করেন। রায়ান বার্ল করেন ২৯ রান। শেষ দিকে ব্র্যাড ইভান্স ২৫ রান করলেও দলকে জেতাতে পারেননি।

রিশাদ হোসেন ৪ উইকেট নিয়ে জিম্বাবুয়েকে ১৫২ রানে থামিয়ে দেন। শেখ মেহেদী নেন ৩ উইকেট। নাহিদ রানা, মোহাম্মদ সাইফউদ্দিন ও সাইফ হাসান একটি করে উইকেট নেন।

Home R3