যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১১ জন স্কাইডাইভার ও একজন পাইলটসহ মোট ১২ জন নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
কর্তৃপক্ষ জানায়, স্কাইডাইভিং পরিচালনাকারী একটি প্রতিষ্ঠানের লিজ নেওয়া বিমানটি স্থানীয় সময় রোববার সকাল ১১টা ২০ মিনিটে উড্ডয়ন করে। তবে আকাশে পর্যাপ্ত উচ্চতা অর্জনে ব্যর্থ হয়ে এটি হঠাৎ বাম দিকে মোড় নেয় এবং বাটলার মেমোরিয়াল বিমানবন্দর থেকে প্রায় ২০০ গজ দূরে গিয়ে বিধ্বস্ত হয়।
বেটস কাউন্টি জরুরি ব্যবস্থাপনা বিভাগের এক মুখপাত্র জানান, বিমানে থাকা সকল আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারান।
বেটস কাউন্টির শেরিফ চ্যাড অ্যান্ডারসন এক সংবাদ সম্মেলনে বলেন, ঘটনাটিকে ‘গণহতাহতের’ (ম্যাস ক্যাজুয়ালটি) হিসেবে বিবেচনা করা হচ্ছে। তিনি আরও জানান, এটি কোনো বাণিজ্যিক যাত্রীবাহী বিমান ছিল না; বরং স্থানীয়ভাবে পরিচালিত একটি ছোট বিমান।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, দুর্ঘটনাকবলিত বিমানটি প্যাসিফিক অ্যারোস্পেস পি-৭৫০ মডেলের ছিল এবং উড্ডয়নের সময়ই এটি দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার সময় বিমানটি এমন একটি আকাশসীমায় উড়ছিল যেখানে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বাধ্যতামূলক ছিল না।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা খোঁজ নিয়ে দেখেছেন কোনো স্কাইডাইভার বিমান থেকে লাফ দিয়েছিলেন কি না। এছাড়া নিহতদের কয়েকজনের পরিবারের সদস্য ঘটনাটি প্রত্যক্ষ করেছেন বলে জানান শেরিফ অ্যান্ডারসন। এখনও নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।
ক্যানসাস সিটি মহানগর এলাকা থেকে প্রায় ৫০ মাইল দক্ষিণে বাটলার শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সুনির্দিষ্ট কারণ সম্পর্কে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছে এফএএ।