মে মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম অপরিবর্তিত রাখা হয়েছে। রোববার (৩ মে) এ ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
সংস্থাটি জানায়, সন্ধ্যা ৬টা থেকেই নতুন মূল্য কার্যকর হবে। মে মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম আগের মতোই ১ হাজার ৯৪০ টাকায় নির্ধারিত রয়েছে।
এর আগে গত এপ্রিল মাসে দুই দফায় এলপিজির দাম সমন্বয় করা হয়। প্রথমে ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে দাম ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়। পরে ১৯ এপ্রিল আরও ২১২ টাকা বাড়িয়ে তা ১ হাজার ৯৪০ টাকায় উন্নীত করা হয়।
অন্যদিকে, মে মাসে অটোগ্যাসের দাম সামান্য বাড়ানো হয়েছে। ভোক্তা পর্যায়ে মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৮৯ টাকা ৫২ পয়সা, যা আগের তুলনায় ২ পয়সা বেশি।
গত মাসে অটোগ্যাসের দামও দুই দফায় বাড়ানো হয়েছিল। ২ এপ্রিল ১৭ টাকা ৯৪ পয়সা বৃদ্ধি পেয়ে দাম দাঁড়ায় ৭৯ টাকা ৭৭ পয়সা। এরপর ১৯ এপ্রিল আরও ৯ টাকা ৭৩ পয়সা বাড়িয়ে তা ৮৯ টাকা ৫০ পয়সা করা হয়।
সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানির এই মূল্য সমন্বয় করা হয়ে থাকে।