৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রবাস

মধ্যপ্রাচ্যের প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার আন্তরিক: প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার আন্তরিক: প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের যেকোনো সমস্যা দ্রুত সমাধান এবং তাঁদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। প্রবাসীদের দেশের অর্থনীতির চালিকাশক্তি ও ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, প্রবাসীদের নিরাপত্তা, অধিকার রক্ষা ও সার্বিক সুরক্ষা প্রদান করা সরকারের অন্যতম শীর্ষ অগ্রাধিকার।

রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কুমিল্লা-১০ আসনের সরকারি দলের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে উত্থাপিত জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের জবাবে প্রতিমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন।

বিদেশে প্রবাসীদের সুরক্ষা ব্যবস্থার চিত্র তুলে ধরে নুরুল হক জানান, বিশ্বের ২৭টি দেশে অবস্থিত বাংলাদেশ মিশনের ৩০টি শ্রম কল্যাণ উইং প্রবাসীদের তাৎক্ষণিক সেবায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। এছাড়া আইনি জটিলতায় পড়া কর্মীদের বিনামূল্যে সহায়তা দিতে ১১টি দেশের ১৩টি কনস্যুলেটে ২২টি শীর্ষস্থানীয় নিবন্ধিত আইন সহায়তাকারী প্রতিষ্ঠান (ল’ ফার্ম) প্যানেলভুক্ত রয়েছে। পাশাপাশি নারী কর্মীদের সার্বিক নিরাপত্তায় সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা এবং ওমানের মাস্কাটে তিনটি সুসজ্জিত ‘সেফ হোম’ পরিচালনা করা হচ্ছে। কোনো প্রবাসী প্রতারণা বা নির্যাতনের শিকার হলে দূতাবাসের মাধ্যমে সালিশি বৈঠক ও আইনি পদক্ষেপের মাধ্যমে প্রতিকার নিশ্চিত করা হচ্ছে।

সংযুক্ত আরব আমিরাতের ভিসা জটিলতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী সংসদকে জানান, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ভূরাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে দেশটিতে প্রায় ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিলের তথ্য পাওয়া গেছে। ক্ষতিগ্রস্তদের অনেকের সেখানে বৈধ ব্যবসা-বাণিজ্য ও নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে। উদ্ভূত সংকট নিরসনে বাংলাদেশ সরকার ইতিমধ্যে কূটনৈতিক পর্যায়ে জোরালো আলোচনা শুরু করেছে এবং আলোচনার মাধ্যমেই দ্রুত ইতিবাচক সমাধান মিলবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, প্রবাসীদের নাগরিক অধিকার নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় সমন্বিতভাবে একযোগে কাজ করছে। বিএমইটি কার্ডধারী প্রবাসীদের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে অসুস্থদের জরুরি চিকিৎসাসেবা, সন্তানদের জন্য মেধা শিক্ষাবৃত্তি ও বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানদের এককালীন অনুদান দেওয়া হচ্ছে। এছাড়া প্রবাসে মৃত্যুবরণকারী কর্মীদের মরদেহ দেশে ফিরিয়ে আনা ও দাফন বাবদ মোট ৩ লাখ ৩৫ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান অব্যাহত রয়েছে।

বিদেশে দক্ষ জনশক্তি রপ্তানির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দেশের বেকার যুবসমাজকে দক্ষ করে গড়ে তোলা এবং নিরাপদ ও স্বল্প খরচে অভিবাসন দেওয়াই সরকারের মূল নীতি। প্রধানমন্ত্রী বিদেশে শুধু সাধারণ শ্রমিকের বিকল্প হিসেবে উচ্চ আয়ের হোয়াইট-কলার ও কারিগরি পেশাজীবীদের জন্য সুযোগ সৃষ্টির ওপর বিশেষ জোর দিয়েছেন। বিশ্ববাজারের চাহিদা অনুযায়ী ‘ডিমান্ড ম্যাপিং’ চূড়ান্ত করে সে মোতাবেক আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দিয়ে দক্ষ কর্মী পাঠানোর সার্বিক প্রক্রিয়া চলছে।

Home R3