১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ৫ দিন পর জীবিত উদ্ধার ২১ বছরের যুবক

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে প্রায় পাঁচ দিন আটকে থাকার পর ২১ বছর বয়সী এক যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে।

দেশটির লা গুয়াইরা রাজ্যের কারাবালেদা শহর থেকে উদ্ধারকর্মীরা তাকে জীবিত বের করে আনেন। উদ্ধার হওয়া যুবকের নাম অ্যারন লেভি কান্তিল্লো ভারগাস।

উদ্ধারকর্মীরা জানান, ভূমিকম্পে ভবন ধসে পড়ার পর তিনি ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। প্রায় ১০৬ ঘণ্টা পর তাকে জীবিত অবস্থায় শনাক্ত করে উদ্ধার করা হয়।

এল সালভাদরের প্রেসিডেন্ট নাইব বুকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, উদ্ধার অভিযান ছিল অত্যন্ত জটিল। উদ্ধারকর্মী ও অ্যারনের মাঝখানে একটি মৃতদেহ পড়ে থাকায় কাজ আরও কঠিন হয়ে পড়ে।

বর্তমানে অ্যারনকে বিশেষায়িত চিকিৎসা দেওয়া হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, তাকে নিরাপদে উদ্ধারে দীর্ঘ সময় ধরে অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করতে হয়েছে।

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানান, পুরো উদ্ধার অভিযান প্রায় ৪৩ ঘণ্টা ধরে চলে। এ অভিযানে ভেনেজুয়েলা, মেক্সিকো ও এল সালভাদরের উদ্ধারকারী দল অংশ নেয়।

বিশেষজ্ঞরা বলছেন, বড় ধরনের ভূমিকম্প বা ভবন ধসের ঘটনায় সময়ের সঙ্গে বেঁচে থাকার সম্ভাবনা কমে গেলেও, দক্ষ উদ্ধার কার্যক্রমের মাধ্যমে দীর্ঘ সময় পরও জীবিত মানুষকে উদ্ধার করা সম্ভব।

সূত্র: বিবিসি

Home R3