ভারতের আসন্ন ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোন প্রতিনিধি অংশ নেবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বাংলাদেশ সরকারের কাউকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানান তিনি।
বৃহস্পতিবার (১০ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সেমিনারের বাইরে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকসে আমন্ত্রণ জানানো হয়েছে। তাকে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি। তিনি জানান, অনুকূল পরিবেশ হলেই প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে দ্বিপক্ষীয় সফরে যাবেন।
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে বলেও জানান তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তন চায়। ভেরিফিকেশনের নামে মিয়ানমার সরকার যেন সময়ক্ষেপন না করে সে বিষয়টিও উল্লেখ করেন তিনি।