ভারত তার সংখ্যালঘু সম্প্রদায়কে সুরক্ষা দিতে পুরোপুরি ব্যর্থ: নাহিদ ইসলাম

ভারত তার সংখ্যালঘু সম্প্রদায়কে সুরক্ষা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আসামে বাঙালি মুসলমানদের বাড়িঘর উচ্ছেদ ও মসজিদ ধ্বংসের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি ভারতের সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

বুধবার (২১ অক্টোবর) রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আসামে সাম্প্রতিক উচ্ছেদ অভিযানে বাঙালি মুসলমানদের ১ হাজার ১০০টির বেশি ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় ১০টির বেশি মসজিদও ধ্বংস করা হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে কয়েকটি মসজিদ ৫০ বছরেরও বেশি পুরোনো।

তিনি বলেন, সরকারি ও বনভূমি থেকে কথিত অবৈধ দখলদারদের উচ্ছেদের যুক্তি দেখানো হলেও ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ক্ষতিগ্রস্ত অনেক পরিবারের ওই অঞ্চলের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। এমনকি ভারতের স্বাধীনতার আগেও তারা এসব এলাকায় বসবাস করে আসছেন। পর্যাপ্ত পুনর্বাসন ও পুনর্গঠনের ব্যবস্থা না করেই এসব পরিবারকে গৃহহীন করা হয়েছে। কয়েকটি পরিবারের সদস্যকে আটককেন্দ্রে রাখা হয়েছে বলেও খবর পাওয়া গেছে।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, ভারতে বাঙালি মুসলমানদের প্রতি বৈষম্য ও নিপীড়নের ধারাবাহিকতার অংশ এই উচ্ছেদ অভিযান। হিন্দুত্ববাদী রাজনীতির প্রভাবে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত এক দশকে প্রায় ১৯ হাজার পরিবার বাস্তুচ্যুত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, বছরের পর বছর ভারতের বাঙালি মুসলমানরা দমন-পীড়ন, জোরপূর্বক সীমান্তের ওপারে ঠেলে দেওয়া এবং ভোটার তালিকা থেকে বাদ পড়ার মতো ঘটনার শিকার হচ্ছেন। এসব পদক্ষেপের মাধ্যমে মুসলিম সংখ্যালঘুদের লক্ষ্য করে একটি নির্দিষ্ট রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে, যা তাদের অধিকার ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে বলে মন্তব্য করেন তিনি।

Home R3