১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারত-আমেরিকার রক্তচক্ষু বাংলাদেশে সহ্য করা হবে না: মুফতি ফয়জুল করীম

দেশে কেবল ব্যক্তির পরিবর্তন হয়েছে, কিন্তু নীতি ও আদর্শের কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম। তিনি স্পষ্ট জানিয়ে দেন, দেশের মাটিতে শরিয়াহ আইন কায়েম করতে চায় ইসলামী আন্দোলন এবং এখানে ভারত কিংবা আমেরিকার কোনো প্রকার রক্তচক্ষু সহ্য করা হবে না।

রোববার (১৬ আগস্ট) বিকেলে কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের সভাকক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের চলমান অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে মুফতি ফয়জুল করীম বলেন, একজন দুর্নীতিবাজ ব্যক্তি কখনো দুর্নীতি বন্ধ করতে পারে না। ‘দুই নম্বর জমিতে যেমন এক নম্বর ফসল হয় না, তেমনি অসৎ নেতার হাতে দেশ কখনো সেরা হতে পারে না।’ ক্ষমতার পালাবদলকে রূপক উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করে তিনি বলেন, এক চোরকে হটিয়ে রক্তক্ষয়ী আন্দোলন-সংগ্রামের মাধ্যমে আরেক চোরকে বসালে কোনো সুফল আসে না। কারণ এতে শুধু ব্যক্তির পরিবর্তন ঘটে, কিন্তু নীতি ও আদর্শ অপরিবর্তিতই থেকে যায়।

সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, দেশবাসী ব্রিটিশ শাসন, পাকিস্তানি শাসন এবং সর্বশেষ চব্বিশের শাসনও পরিবর্তন করেছে। কিন্তু নতুন শাসনব্যবস্থা আসার কয়েক মাস পেরিয়ে গেলেও এখনো চুরি ও দুর্নীতি বন্ধ করা সম্ভব হয়নি। মূলত দুর্নীতিগ্রস্ত নেতৃত্বের কারণে এবং চাঁদাবাজি ও দখলদারির মনোভাবের ফলে সাধারণ মানুষের ভাগ্যের কোনো স্থায়ী পরিবর্তন আসছে না; কেবল কিছু সুবিধাবাদী মানুষ রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হচ্ছে।

রাজনৈতিক পটপরিবর্তনের উদাহরণ টেনে তিনি উল্লেখ করেন, শেখ হাসিনার পতন একসময় মানুষ অসম্ভব মনে করলেও তা আকস্মিকভাবে বাস্তবে রূপ নিয়েছে। একইভাবে দেশের জনগণ যদি ঐক্যবদ্ধ হয়ে ইসলামী অনুশাসন কায়েম করতে চায়, তবে কালকের মধ্যেই তা সম্ভব হতে পারে। কারণ মানুষের মন বদলাতে মাত্র এক সেকেন্ড সময় লাগে।

Home R3