১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বিরোধী দলের আচরণ পলাতক শক্তিকে উজ্জীবিত করছে: রিজভী ফাইল ছবি

বর্তমান বিরোধী দলের রাজনৈতিক আচরণ পলাতক ফ্যাসিস্ট শক্তিকে উজ্জীবিত করতে সাহায্য করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (১২ আগস্ট) প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধকে ইতিহাস থেকে মুছে দেওয়ার জন্য বর্তমানে কোনো কোনো রাজনৈতিক দল অপচেষ্টা চালাচ্ছে। স্বাধীনতার এবং মুক্তিযুদ্ধের সঙ্গে যে নামটি অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে—শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাঁকে ইতিহাস থেকে মুছে ফেলার এক গভীর চক্রান্ত চলছে।

বর্তমান রাজনৈতিক দলগুলোর ভূমিকার সমালোচনা করে বিএনপি নেতা প্রশ্ন তোলেন, কাকে খুশি করতে চাচ্ছেন আপনারা? পলাতক ফ্যাসিস্টকে খুশি করার জন্যই কি আপনারা এই কাজগুলো করছেন? এ প্রশ্ন তো আজকে দেশের জনগণের, মানুষের মুখে মুখে এ কথা ফিরছে।

শ্রদ্ধা নিবেদনকালে আরাফাত রহমান কোকোর জীবন ও দেশের ক্রীড়াঙ্গনে তাঁর অবদানের কথা স্মরণ করে রুহুল কবির রিজভী আরও বলেন, আরাফাত রহমান কোকোর অকাল প্রস্থান ছিল তৎকালীন ফ্যাসিবাদের নির্মম ও চূড়ান্ত বহিঃপ্রকাশ।

Home R3