৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশে বিদ্যুতের দাম বাড়বে কিনা, জানা যাবে আজ

বিদ্যুতের দাম বৃদ্ধির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কয়েক দিনের গণশুনানি শেষে আজই নতুন মূল্যহার ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে খুচরা, পাইকারি এবং সঞ্চালন পর্যায়ের (হুইলিং চার্জ) নতুন দাম জানানো হবে।

জানা গেছে, বিদ্যুতের মূল্য ১৮ থেকে ১৯ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এতে প্রতি ইউনিটে প্রায় ১ টাকা থেকে ১ টাকা ২০ পয়সা পর্যন্ত দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। এই বৃদ্ধি লাইফ লাইন গ্রাহকসহ সব ধরনের গ্রাহকের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

বিইআরসি সূত্রে জানা যায়, পাইকারি পর্যায়ে (বিতরণ কোম্পানি) বিদ্যুতের দাম খুচরার তুলনায় কিছুটা বেশি বাড়ানো হচ্ছে। নতুন মূল্যহার চলতি মাস থেকেই কার্যকর হবে। ফলে খুব শিগগিরই গ্রাহকরা বাড়তি বিলের প্রভাব দেখতে পাবেন।

তবে লাইফ লাইন গ্রাহকদের জন্য বিদ্যুৎ ব্যবহারের স্তর (স্ল্যাব) অপরিবর্তিত থাকছে। যদিও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত এই সুবিধা বাতিলের প্রস্তাব দিয়েছিল।

সরকারি কর্মকর্তারা জানান, বিদ্যুতের দাম ১৮-১৯ শতাংশ বাড়ানো হলে পিডিবির রাজস্ব প্রায় ১২ হাজার কোটি টাকা বৃদ্ধি পাবে। এর আগে পিডিবি জানিয়েছিল, বেশি দামে বিদ্যুৎ কিনে কম দামে বিক্রির কারণে ২০২৬-২৭ অর্থবছরে তাদের সম্ভাব্য লোকসান দাঁড়াতে পারে প্রায় ৬৫ হাজার কোটি টাকা। এ ঘাটতি পূরণে বাজেটে অতিরিক্ত বরাদ্দ চাওয়া হতে পারে।

এ বিষয়ে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, কমিশনের নিয়ম অনুযায়ী গণশুনানি ও অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

Home R3