গাজা উপত্যকার শান্তি পরিকল্পনা মেনে নিতে অস্বীকৃতি জানানোয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চরম ক্ষিপ্ত হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যকার ঐতিহাসিক মিত্রতার ‘ডিভোর্স’ দেওয়ার হুমকি দিয়েছিলেন। সেই সঙ্গে তিনি সাফ জানিয়ে দেন যে সব ইহুদিই এখন ইসরাইলি প্রধানমন্ত্রীর ওপর মারাত্মক বিরক্ত।
মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের সাংবাদিক ম্যাগি হ্যাবারম্যান ও জনাথন সোয়ানের যৌথভাবে লেখা ‘রেজিম চেঞ্জ: ইনসাইড দ্য ইম্পেরিয়াল প্রেসিডেন্সি অব ডোনাল্ড ট্রাম্প’ বইতে এ সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে।
বইটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে দুই নেতার মধ্যে এক উত্তপ্ত ফোনালাপ হয়। সে সময় ট্রাম্প গাজা নিয়ে তার প্রস্তাবিত শান্তি পরিকল্পনা গ্রহণে ইসরাইলের ওপর জোরালো চাপ সৃষ্টি করছিলেন। ওই ফোনালাপে মার্কিন বিশেষ শান্তি দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার উপস্থিত ছিলেন।
ইসরাইলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের বরাতে বলা হয়, ফোনালাপের এক পর্যায়ে ট্রাম্প নেতানিয়াহুকে উদ্দেশ করে কড়া ভাষায় বলেন, “সবাই তোমার ওপর বিরক্ত, এমনকি এখানে উপস্থিত ইহুদিরাও তোমার ওপর অসন্তুষ্ট।” তিনি ইঙ্গিত করেন কুশনার ও উইটকফের দিকে।
এছাড়া ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের বরাতে বইটিতে আরও উল্লেখ করা হয়, ট্রাম্প নেতানিয়াহুকে সতর্ক করে বলেন, “সবাই তোমাকে ঘৃণা করে, কিন্তু আমি তোমার পাশে ছিলাম।” তিনি হুঁশিয়ারি দেন, এই চুক্তি প্রত্যাখ্যান করলে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সম্পর্কের মধ্যে স্থায়ী ফাটল ধরতে পারে।
উল্লেখ্য, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ সামরিক তৎপরতার শুরুর দিকে দুই নেতা পারস্পরিক সহযোগিতার প্রশংসা করলেও পরবর্তীতে পরিস্থিতি পরিবর্তিত হয়। তেহরানকে নিয়ন্ত্রণে আনতে ব্যর্থতা এবং শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ার পর ট্রাম্প ইসরাইলের নীতির প্রতি ক্রমেই অসন্তুষ্ট হয়ে ওঠেন।
সূত্র: আরটি অনলাইন