২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া সাকিব আল হাসান উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি আদমদীঘি উপজেলার তালশন গ্রামের ওছমান আলী খন্দকারের ছেলে।

রোববার (২১ জুন) সন্ধ্যায় উপজেলা সদরের তালশন কালীবাড়ী মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আদমদীঘি সদর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি কার্যালয়ে হামলা ও ব্যাপক ভাঙচুর চালায়।

এ ঘটনায় একই বছরের ২৫ আগস্ট আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২৫০ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে একটি নাশকতা মামলা দায়ের করা হয়।

আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া জানান, বিএনপির দায়ের করা মামলার ভিত্তিতে সাকিব আল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।