১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব সম্পদ থাকা সত্ত্বেও কেন বিদেশি জ্বালানি আমদানি করব: জ্বালানি মন্ত্রী

দেশের নিজস্ব জ্বালানি সম্পদ থাকা সত্ত্বেও বিদেশ থেকে আমদানির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

মঙ্গলবার (১২ মে) দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশের নিজস্ব সম্পদ থাকা সত্ত্বেও কেন আমরা বিদেশ থেকে জ্বালানি আমদানি করব?

তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে দেশের সম্পদ জনগণের কল্যাণেই ব্যবহার করা উচিত।

মন্ত্রী দাবি করেন, গত ১৭ বছরে দেশীয় সম্পদের যথাযথ ব্যবহার না করে বিদেশি জ্বালানির ওপর নির্ভরতা বাড়ানো হয়েছিল। তবে বর্তমান সরকার দেশীয় জ্বালানি সম্পদ আহরণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

তিনি জানান, সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিয়ে সরকার এমনভাবে কাজ করছে, যাতে দেশের নিজস্ব জ্বালানি সম্পদ আহরণ করা যায় এবং তা জনগণের কাজে লাগানো সম্ভব হয়।

এর আগে মন্ত্রী বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ও মধ্যপাড়া পাথর খনির কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করেন এবং পরবর্তীতে প্রকল্পগুলো পরিদর্শন করে চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

সভায় আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী, জ্বালানি প্রতিমন্ত্রী, জাতীয় সংসদের হুইপসহ স্থানীয় সংসদ সদস্যরা।