কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার নিবন্ধন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। এবার প্রথমবারের মতো সকল ছাত্রী পরীক্ষার্থীর নিবন্ধনের সময় ফিঙ্গারপ্রিন্ট (আঙুলের ছাপ) গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের ৪ জুলাই অনুষ্ঠিত স্থায়ী কমিটির ৬৮তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এই ব্যবস্থা কার্যকর করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদিন পরীক্ষার নিবন্ধন কার্যক্রম আল-হাইআতুল উলয়ার HEMS (হাইআতুল উলয়া এক্সাম ম্যানেজমেন্ট সিস্টেম) সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হলেও ছাত্রীদের ছবি সংরক্ষণ করা হতো না। শনাক্তকরণ প্রক্রিয়াকে আরও নিরাপদ ও নির্ভুল করতে এবার ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে দেশের সব মহিলা মাদরাসাকে ZKTeco SLK20R Biometric Fingerprint Scanner মডেলের অন্তত একটি ডিভাইস সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। নিবন্ধন শুরুর আগে ডিভাইসটি কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করে কার্যকারিতা নিশ্চিত করার কথাও বলা হয়েছে।
আল-হাইআতুল উলয়া জানিয়েছে, নির্ধারিত স্ক্যানারটি ইউএসবি সংযোগের মাধ্যমে ব্যবহারযোগ্য এবং HEMS সফটওয়্যারের সঙ্গে সমন্বয় করা সম্ভব। এটি দ্রুত ও নির্ভুলভাবে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহে সক্ষম।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিবন্ধনের সময় প্রতিটি ছাত্রী পরীক্ষার্থীর ফিঙ্গারপ্রিন্ট নেওয়া বাধ্যতামূলক থাকবে। ডিভাইস ব্যবহার ও সফটওয়্যার সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা পরবর্তীতে সংশ্লিষ্ট মাদরাসাগুলোকে জানানো হবে।
জানা গেছে, ২০ সফর ১৪৪৮ হিজরি, অর্থাৎ ৪ আগস্ট ২০২৬ থেকে দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার নিবন্ধন কার্যক্রম শুরু হবে। এ কারণে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব মহিলা মাদরাসাকে অনুরোধ জানানো হয়েছে।