২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় তিনটি সীমান্ত প্রদেশে ৫১ হামলা

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় তিনটি সীমান্ত প্রদেশে একযোগে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণসহ মোট ৫১টি হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২২ আগস্ট) রাতভর এই সমন্বিত ও ভয়াবহ হামলাগুলো চালানো হয়। থাই নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে এনএসটি অনলাইনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

থাইল্যান্ডের অভ্যন্তরীণ নিরাপত্তা অভিযান কমান্ডের ৪ নম্বর অঞ্চলের দেওয়া সর্বশেষ আপডেট অনুযায়ী, শনিবার রাত প্রায় ৮টা থেকে নারাথিওয়াত, পাতানি এবং ইয়ালা প্রদেশের অন্তত ১২টি এলাকায় এই হামলাগুলো শুরু হয়। থাই নিরাপত্তা বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, হামলাগুলো সুনির্দিষ্টভাবে সরকারি কর্মকর্তা, বেসামরিক নাগরিক এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, নারাথিওয়াত প্রদেশেই সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটে। সেখানে ২২টি ঘটনা রেকর্ড করা হয়েছে। এছাড়া ইয়ালায় ১৮টি এবং পাতানিতে ১১টি হামলার খবর পাওয়া গেছে। মুখপাত্র আরও বলেন, ‘নারাথিওয়াতে দুইজন ব্যক্তি আহত হয়েছেন, তবে সৌভাগ্যবশত পাত্তানি এবং ইয়ালায় কোনো বেসামরিক ব্যক্তি আহত হওয়ার খবর এখনও পাওয়া যায়নি।’

এই হামলাগুলো নারাথিওয়াত প্রদেশের সুঙ্গাই পাডি, সুখিরিন, ওয়াং, রাঙ্গাই, রুয়েসো, ই-ঙ্গো, লামায়ে, তাক বাই এবং সুঙ্গাই গোলক এলাকায় চালানো হয়। পাত্তানি প্রদেশের চানাই, চানাই নোই, চো-আইরং, চু-পেং, সুঙ্গাই পাডি এবং কোহ চাওয়ি-তেও হামলার ঘটনা ঘটেছে। এছাড়া ইয়ালা প্রদেশে, ইয়ালা শহরে আটটি, রামানে ছয়টি এবং সাই বুরিতে দুটি হামলা চালানো হয়।

সমন্বিত হামলার পর দেশটির সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে থাই নিরাপত্তা সংস্থাগুলো তাদের তৎপরতা বাড়িয়েছে। প্রতিটি ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। তারা এলাকাগুলো নিরাপদ করা, বাসিন্দাদের সহায়তা প্রদান এবং আলামত সংগ্রহের কাজ করছেন।

ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের চরম সতর্ক থাকতে, যেসব স্থানে ঘটনা ঘটেছে সেসব স্থান এড়িয়ে চলতে এবং সরকারি নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে সন্দেহজনক কোনো বস্তু স্পর্শ না করার এবং সন্দেহজনক ব্যক্তি, যানবাহন বা বস্তু দেখতে পেলে দ্রুত নিরাপত্তা বাহিনীকে জানানোর জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

Home R3