বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করতে হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে। আর্থিক অনিয়ম ও শিক্ষাগত যোগ্যতা নিয়ে জালিয়াতির অভিযোগে ডব্লিউএইচওর তদন্ত চলার মধ্যেই তাকে এই সিদ্ধান্ত নিতে হলো।
বুধবার (৯ সেপ্টেম্বর) ডব্লিউএইচওর মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়েসুসের কাছে পদত্যাগপত্র জমা দেন সায়মা ওয়াজেদ। বার্তা সংস্থা রয়টার্স পদত্যাগপত্র পর্যালোচনা করে বিষয়টি নিশ্চিত করেছে।
সায়মা ওয়াজেদের বিরুদ্ধে চীন সফরসংক্রান্ত ৯০১ ডলারের ভ্রমণ ব্যয়ে অনিয়ম এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগ তদন্ত করছে ডব্লিউএইচও। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তার আইনজীবীরা দাবি করেছেন, ভ্রমণ ব্যয়ের ক্ষেত্রে একজন সহকারীর প্রশাসনিক ভুলের কারণে বিষয়টি ঘটেছে।
২০২৩ সালের নভেম্বরে সদস্যদেশগুলোর ভোটে আঞ্চলিক পরিচালক নির্বাচিত হন সায়মা ওয়াজেদ। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পাঁচ বছরের জন্য দায়িত্ব নেন তিনি। তবে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধেও দুর্নীতির অনুসন্ধান শুরু হয়। ২০২৫ সালের জুলাই থেকে তিনি ডব্লিউএইচওর অবৈতনিক ছুটিতে ছিলেন।
পদত্যাগপত্রে সায়মা ওয়াজেদ অভিযোগ করেন, তাকে দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়েছে এবং দীর্ঘদিন বেতন ছাড়া ছুটিতে থাকায় তার আর্থিক পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে। একই সঙ্গে ডব্লিউএইচওর নেতৃত্বের ওপর আস্থা হারানোর কথাও জানান তিনি।
নতুন আঞ্চলিক পরিচালক নির্বাচনের জন্য আগামী ১২ অক্টোবর মনোনয়ন ঘোষণা এবং ২৪ জানুয়ারি ভোট হতে পারে বলে রয়টার্স জানিয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সদস্যদেশগুলোর মধ্যে বাংলাদেশ ও ভারত রয়েছে।