৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

খাবার খরচ যুক্ত করেও হজ প্যাকেজের মূল্য কমালো বাংলাদেশ সরকার

হজযাত্রীদের আর্থিক চাপ লাঘব করতে খাবারের খরচ অন্তর্ভুক্ত করার পরও ২০২৭ সালের সরকারি হজ প্যাকেজের মূল্য উল্লেখযোগ্য হারে কমিয়েছে বাংলাদেশ সরকার।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)।

ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট দিকনির্দেশনায় আগামী বছরের হজ প্রক্রিয়া আরও সহজ ও সাশ্রয়ী করতে বেশ কিছু যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত প্রতিবছর সামগ্রিক ব্যয় বাড়লেও সরকারের আন্তরিক উদ্যোগে এবার বিমান ভাড়া কমানোর পাশাপাশি খাবারের খরচ যুক্ত করেও প্যাকেজের মোট মূল্য কমানো সম্ভব হয়েছে।

প্যাকেজের তুলনামূলক বিবরণ তুলে ধরে মন্ত্রী বলেন, ২০২৬ সালে হজ প্যাকেজ ১ এর মূল্য ছিল ৬ লাখ ৯০ হাজার ৫৭৭ টাকা। ২০২৭ সালে তা ৭৫ হাজার ৩৫৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২২৩ টাকা। এই সংশোধিত প্যাকেজের মধ্যেই যুক্ত করা হয়েছে ৩৯ হাজার ১৩৬ টাকার খাবার খরচ।

একইভাবে হজ প্যাকেজ ২ এর ক্ষেত্রেও বড় ধরনের ছাড় দেওয়া হয়েছে। ২০২৬ সালে এ প্যাকেজের মূল্য যেখানে ছিল ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা, সেখানে ২০২৭ সালে ৫৩ হাজার ২৩৩ টাকা কমিয়ে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা করা হয়েছে। এই প্যাকেজে ২৯ হাজার টাকার খাবার খরচও অন্তর্ভুক্ত রয়েছে।

বিমান ভাড়ার বিষয়ে ধর্মমন্ত্রী জানান, ২০২৬ সালে হজযাত্রীদের বিমান ভাড়া ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। আগামী বছর তা ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

বিগত হজ ব্যবস্থাপনার স্বচ্ছতা তুলে ধরে কাজী শাহ মোফাজ্জল হোসাইন বলেন, ২০২৬ সালে সরকারি ব্যবস্থাপনায় মোট ৪ হাজার ৩৮১ জন হজযাত্রী সৌদি আরবে গমন করেন। বিভিন্ন খাতে সাশ্রয় হওয়ায় চূড়ান্ত হিসাব শেষে ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা উদ্বৃত্ত থাকে। কোনো ধরনের মধ্যস্বত্বভোগী ছাড়াই ব্যাংকিং চ্যানেল (বিএফটিএন) ব্যবহারের মাধ্যমে উদ্বৃত্ত এই অর্থ সরাসরি সংশ্লিষ্ট হাজীদের ব্যাংক হিসাবে ফেরত পাঠানো হয়েছে।

চলতি বছরের হজ কার্যক্রমে সৌদি আরবের হজ মন্ত্রণালয়ও বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেছে উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, হাজীদের সেবা নিশ্চিত করতে মানবিকতা, সততা এবং জবাবদিহিতার এই ধারাবাহিকতা আগামী দিনগুলোতেও বজায় থাকবে।

Home R3