২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কানাডায় মসজিদের বাইরে ইমামের ওপর হামলা

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের ভিক্টোরিয়া শহরে অবস্থিত বিসিএমএ (BCMA) মসজিদের ইমাম শেখ ইব্রাহিমের ওপর ইসলামবিদ্বেষী হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটিকে ঘৃণামূলক ও মুসলিমবিদ্বেষমূলক হামলা হিসেবে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিমস (এনসিসিএম)।

শনিবার (২০ জুন) প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় মসজিদে নামাজ আদায় শেষে নিজ গাড়িতে বসে ছিলেন ইমাম শেখ ইব্রাহিম। এ সময় এক অজ্ঞাত ব্যক্তি হঠাৎ গাড়ির দরজা জোরপূর্বক খুলে তার ওপর হামলা চালায়। হামলার সময় ওই ব্যক্তি ইসলামবিদ্বেষী মন্তব্য করে গালাগালি দিতে থাকে এবং তাকে উদ্দেশ্য করে ‘নিজ দেশে ফিরে যাও’ বলে চিৎকার করে।

এনসিসিএম জানায়, ঘটনার পর থেকে তারা গত ৪৮ ঘণ্টা ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে, যাতে ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং ঘটনার যথাযথ তদন্ত ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত হয়।

বিবৃতিতে সংস্থাটি হামলার তীব্র নিন্দা জানিয়ে বলে, ‘একজন সম্মানিত ধর্মীয় নেতাকে লক্ষ্য করে এ ধরনের হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এটি আমাদের সমাজে ক্রমবর্ধমান ইসলামোফোবিয়ার উদ্বেগজনক বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে।’

সংস্থাটি আরও উল্লেখ করে, মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা ও সহিংসতার ঘটনা বারবার ঘটতে থাকায় নীরব থাকার সুযোগ নেই। এ ধরনের প্রবণতা একটি গুরুতর সামাজিক সমস্যা, যার বিরুদ্ধে রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠন ও সাধারণ নাগরিকদের ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে।

একই সঙ্গে কানাডার রাজনৈতিক ও সামাজিক নেতাদের প্রতি মুসলিমবিদ্বেষী সহিংসতার প্রকাশ্য নিন্দা জানানোর আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার পাশাপাশি এটি ঘৃণাজনিত অপরাধ (হেইট ক্রাইম) হিসেবে বিবেচিত হওয়ার উপযুক্ত কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে এনসিসিএম।

তবে ইমাম শেখ ইব্রাহিমের বর্তমান শারীরিক অবস্থা কিংবা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

Home R3