সৌদি আরবের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি (একাধিকবার প্রবেশাধিকারযুক্ত) ওমরাহ ভিসা কার্যকর থাকা সত্ত্বেও সরাসরি দেশটিতে প্রবেশের সুযোগ থাকছে না। প্রতিবার ওমরাহ পালনে যাওয়ার আগে অনুমোদিত সার্ভিস প্যাকেজ বুকিং এবং নুসুক অ্যাপের মাধ্যমে পারমিট নেওয়া বাধ্যতামূলক করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
রোববার (১৬ আগস্ট) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, গত জুলাইয়ে চালু হওয়া মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত কার্যকর থাকে। এই সময়ের মধ্যে ভিসাধারীরা একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারলেও পুরো মেয়াদে সব মিলিয়ে সর্বোচ্চ ৯০ দিন অবস্থানের সুযোগ পাবেন।
তবে ভিসার মেয়াদ এক বছর থাকা মানেই ইচ্ছামতো সরাসরি প্রবেশের সুযোগ নেই। ওমরাহযাত্রীদের প্রতিবার দেশটিতে যাওয়ার আগে ‘নুসুক’ (Nusuk) প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদিত সেবা প্রদানকারীর কাছ থেকে নতুন করে সার্ভিস প্যাকেজ কিনতে হবে। পাশাপাশি নুসুক অ্যাপ থেকে ওমরাহ পারমিট সংগ্রহ করতে হবে। ওমরাহ পারমিটের তারিখের সঙ্গে সার্ভিস প্যাকেজের নির্ধারিত তারিখের মিল থাকা বাধ্যতামূলক এবং প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট মেয়াদের অতিরিক্ত হতে পারবে না।
প্রথমবার ওমরাহ পালনের ক্ষেত্রে নুসুক থেকে সার্ভিস প্যাকেজ কেনার পর ভিসার আবেদন করতে হবে। এরপর নিয়ম অনুযায়ী ভ্রমণকারীর যোগ্যতা যাচাই করা হবে। সৌদি আরবে প্রবেশ ও প্রস্থানের সময় ডিজিটালভাবে তথ্য নথিভুক্ত করা হবে, যার মাধ্যমে যাত্রী তাঁর মোট বরাদ্দকৃত ৯০ দিনের কত দিন ব্যবহার করেছেন এবং কত দিন বাকি আছে, তা স্বয়ংক্রিয়ভাবে হিসাব করা হবে।
হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, মুসল্লিদের ওমরাহ পালনের সময়সূচি নির্ধারণে সুবিধা দেওয়ার উদ্দেশ্যেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ভিসা হাতে থাকলেও প্রতি সফরের আগে আলাদাভাবে সার্ভিস প্যাকেজ ও ওমরাহ পারমিটের শর্ত পূরণ না করলে সৌদি আরবে প্রবেশ করা যাবে না।