১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানের স্কুলে ইসরাইলি হামলায় নিহত শিক্ষার্থী বেড়ে ৮৬

ইরানের দক্ষিণাঞ্চলে স্কুলে ইসরাইলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৮৬ জনে দাঁড়িয়েছে। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে হামলা চালায় ইসরাইল। এই হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৮৬ জনে দাঁড়িয়েছে। এছাড়াও বহু আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আরাগচি সামাজিক যোগাযোগ এক্সে এক পোস্টে জানিয়েছেন, ‘ধ্বংসপ্রাপ্ত ভবনটি ছিল বালিকাদের প্রাথমিক বিদ্যালয়। দিনের আলোতে এর ওপর বোমা ফেলা হয়, যখন ভবনটি শিক্ষার্থী দ্বারা পরিপূর্ণ ছিল।’

আরাগচি আরো বলেন, নিহতরা সবাই ‘নির্দোষ শিশু। তাদেরকে নির্বিঘ্নে হত্যা করা হয়েছে।’

এরপর আরাগচি লিখেন, ইরানের জনগণ এর জবাব না দিয়ে থাকবে না।

ইরানের শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আলী ফরহাদি বলেন, স্কুলটিতে শনিবার তিনটি মিসাইল হামলা চালানো হয়। এ ঘটনায় বহু নাগরিক আহত হয়েছে।