ফাইল ছবি
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, স্বার্থান্বেষী মহলের ক্ষমতার লোভ ও আদর্শচ্যুতির কারণেই ইসলামী দলগুলোর মধ্যে গড়ে ওঠা সমঝোতা ভেস্তে গেছে।
গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর একটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষ বহু ত্যাগ স্বীকার করলেও সেই ত্যাগের লক্ষ্য পূরণ হয়নি। বরং ভুল সিদ্ধান্ত ও নেতৃত্বের ব্যর্থতায় সম্ভাবনাময় সুযোগ নষ্ট হয়েছে।
তিনি আরও বলেন, জুলাই মাসে সৃষ্ট রাজনৈতিক পরিস্থিতি ইসলামের ভিত্তিতে একটি ঐক্য গড়ে তোলার সুযোগ তৈরি করেছিল। কিন্তু স্বার্থান্বেষী মহল ক্ষমতার লোভে সেই পথ থেকে সরে গিয়ে প্রচলিত রাজনীতির দিকে ঝুঁকে পড়ে। ফলে সমঝোতার সম্ভাবনা নষ্ট হয় এবং জনগণের প্রত্যাশাও পূরণ হয়নি।
সমাবেশে সংগঠনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, গুমের তদন্তের দায়িত্ব পুলিশকে দেওয়া জনগণের প্রত্যাশার পরিপন্থী। তিনি অভিযোগ করেন, অতীতে গুমের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সম্পৃক্ততার অভিযোগ থাকায় নিরপেক্ষ তদন্ত নিয়ে প্রশ্ন উঠেছে।
সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।