পাকিস্তানের পুলিশ সদর দফতরে আত্মঘাতী হামলা, নিহত ৩১

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাত জেলায় পুলিশ সদর দফতরে আত্মঘাতী বোমা হামলা ও বন্দুকযুদ্ধে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৬ জন পুলিশ সদস্য রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০০ জনের বেশি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হামলায় জড়িত অবশিষ্ট সশস্ত্র ব্যক্তিদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার জুমার নামাজের সময় কোহাত পুলিশ লাইন্স সংলগ্ন একটি মসজিদের কাছে বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা চালানো হয়। বিস্ফোরণের পর একাধিক সশস্ত্র হামলাকারী পুলিশ কমপ্লেক্সে প্রবেশের চেষ্টা করে এবং গুলি চালায়।

বিস্ফোরণের তীব্রতায় মসজিদের ছাদের একটি অংশ ধসে পড়ে। এতে মসজিদে থাকা মুসল্লি ও পুলিশ সদস্যরা হতাহত হন। হামলায় পুলিশ সদর দফতরের প্রধান প্রাচীরসহ কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আহতদের স্থানীয় হাসপাতাল ও নিকটস্থ সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিরাপত্তা বাহিনী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশে সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে হামলা বেড়েছে। কোহাতের এ হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পাকিস্তানের সরকার ও স্থানীয় প্রশাসন।

Home R3