সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৯ জনের

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল আহসা গভর্নরেটে দুটি গাড়ির সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের সাত সদস্য রয়েছেন।

সৌদি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সাতজন একই গাড়িতে ছিলেন। তাদের মধ্যে স্বামী, স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে ছিলেন। অপর গাড়িতে থাকা দুই তরুণও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

পূর্বাঞ্চলীয় ট্রাফিক বিভাগ জানিয়েছে, একটি গাড়ি হঠাৎ দিক পরিবর্তন করলে দুই গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে সিভিল ডিফেন্স ও সৌদি রেড ক্রিসেন্টের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। এ সময় গাড়ির ভেতরে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধার করা হয়।

আল আহসা ও পূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকার সংযোগকারী আল উকাইর আল উয়ুন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০২৫ সালের ট্রাফিক নিরাপত্তা সংক্রান্ত বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে দেশটিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ৬০ শতাংশের বেশি কমেছে।

প্রতিবেদন অনুযায়ী, সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ নিরাপদ দূরত্ব বজায় না রাখা। মোট দুর্ঘটনার ২৯ দশমিক ২ শতাংশের সঙ্গে এ কারণটি সংশ্লিষ্ট। এ ছাড়া হঠাৎ দিক পরিবর্তনের কারণে ঘটে ২৭ দশমিক ৯ শতাংশ দুর্ঘটনা।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, সড়ক অবকাঠামোর উন্নয়ন, ট্রাফিক নজরদারিতে প্রযুক্তির ব্যবহার এবং দ্রুত জরুরি সেবা নিশ্চিত করার ফলে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে সহায়তা করেছে।

তবে আল আহসার সাম্প্রতিক এ দুর্ঘটনা দেশটির সড়কে বিদ্যমান ঝুঁকির বিষয়টি আবারও সামনে এনেছে। নিহতদের পরিচয় এবং ঠিক কী কারণে গাড়িটি হঠাৎ দিক পরিবর্তন করেছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ।

Home R3