আজ বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ দক্ষ কর্মী

দীর্ঘ আড়াই বছরের অচলাবস্থা কাটিয়ে অবশেষে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে পুনরায় চালু হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে প্রথম দফায় ১১২ জন দক্ষ কর্মী আজ সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সন্ধ্যায় এই প্রথম ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিয়োগকারী প্রতিষ্ঠান ও শূন্য অভিবাসন ব্যয়বোয়েসেল সূত্রে জানা গেছে, নির্বাচিত এই ১১২ জন কর্মী মালয়েশিয়ার খ্যাতনামা আন্তর্জাতিক লজিস্টিকস প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়ায় কাজে যোগ দেবেন।

অভিবাসনের ক্ষেত্রে এটি একটি নতুন মাইলফলক; কারণ কর্মীদের বিমান ভাড়া, ভিসা ও যাতায়াতসহ যাবতীয় অভিবাসন ব্যয় বহন করছে নিয়োগকারী প্রতিষ্ঠানটি। ফলে কর্মীদের পকেট থেকে কোনো অর্থই খরচ করতে হচ্ছে না। সরকারি পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে পর্যায়ক্রমে মোট ১০ হাজার বাংলাদেশি কর্মীকে এভাবে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে।

স্বচ্ছতা নিশ্চিতে প্রথমবারের মতো লটারি পদ্ধতিঅতীতে রিক্রুটিং এজেন্সিগুলোর সিন্ডিকেট ও অনিয়মের কারণে বারবার বিতর্কিত হওয়া এই শ্রমবাজারে এবার শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে প্রথমবারের মতো অনলাইন লটারি পদ্ধতি চালু করেছে বোয়েসেল। বোয়েসেলের তথ্যমতে, শূন্য অভিবাসন ব্যয়ে চাকরির জন্য গত ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত অনলাইনে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। সেখান থেকে স্বয়ংক্রিয় লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে বাছাই করা হয়। পরবর্তীতে দুই দিনের সাক্ষাৎকারে কিছু প্রার্থী অনুপস্থিত থাকায় অবশিষ্ট আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে আরও ৫০ জনকে ডাকা হয়। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শেষে ডিএইচএল সাপ্লাই চেইনের প্রতিনিধিরা চূড়ান্তভাবে ১১২ জন দক্ষ কর্মীকে নির্বাচিত করেন।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এ বিষয়ে বলেন, “সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে এবারই প্রথম লটারির মাধ্যমে যোগ্য ও দক্ষ কর্মী বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বোয়েসেলের নিয়োগ প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার বার্তা দেওয়া হচ্ছে।”

উল্লেখ্য, ২০২২ থেকে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত মালয়েশিয়ায় প্রায় সাড়ে চার লাখ বাংলাদেশি কর্মী গিয়েছিলেন। তবে ১০১টি এজেন্সির সিন্ডিকেট, অতিরিক্ত অভিবাসন ব্যয় আদায়, দুর্নীতি ও শ্রমিক শোষণের গুরুতর অভিযোগ ওঠায় ২০২৪ সালের জুন মাস থেকে বাংলাদেশি কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া সরকার। এর আগেও ২০০৮-১২, ২০১৬-১৮ এবং ২০১৯-২২ মেয়াদে একই ধরনের অনিয়মের কারণে বাজারটি বন্ধ হয়েছিল।

Home R3