হামলা না করা শর্তে হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব

সৌদি আরবের ওপর হামলা বন্ধ ও যুদ্ধবিরতি নিশ্চিত করতে ইরানের মধ্যস্থতায় ইয়েমেনের হুথি গোষ্ঠীকে ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব করেছে সৌদি আরব। উপসাগরীয় অঞ্চলের কূটনৈতিক সূত্রের বরাতে ইসরায়েলি সংবাদমাধ্যমে এ তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনেও বিষয়টি তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হুথিদের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান তেহরান সফর করেন। একটি কূটনৈতিক সূত্রের দাবি, সৌদি প্রতিরক্ষামন্ত্রী তাঁর হারকিউলিস সামরিক পরিবহন বিমানে করে ১০০ কোটি ডলার তেহরানে নিয়ে এসেছিলেন। তবে অর্থ বহন বা হস্তান্তরের বিষয়টি সৌদি আরবের কোনো কর্মকর্তা নিশ্চিত করেননি।

তেহরানের ওই আলোচনায় তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাধারণ সম্পাদক মোহসেন রেজাই এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় হুথিদের ধারাবাহিক হামলায় দেশটির অর্থনৈতিক ক্ষয়ক্ষতি বাড়ছে। এ পরিস্থিতিতে ইরান মধ্যস্থতার উদ্যোগ নেয় বলে কূটনৈতিক সূত্রের বরাতে জানানো হয়েছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এবং মক্কা যৌথ প্রতিরক্ষা জোটের সদস্যদেশগুলোর প্রতিনিধিদের তেহরান সফর চলমান সংকটে উত্তেজনা কমানো, সংলাপ ও কূটনৈতিক সমাধান উৎসাহিত করা এবং কাতার ও পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টাকে সমর্থন করার অংশ।

ইসরায়েলি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলা এক সৌদি কর্মকর্তা অর্থ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেননি। তবে তিনি বলেন, তিন বছর আগে হওয়া একটি সমঝোতা বাস্তবায়ন না হওয়াই সংঘাতের অন্যতম মূল কারণ।

ওই সমঝোতা অনুযায়ী, হুথিদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলের সরকারি কর্মচারীদের বেতন পরিশোধ এবং অবকাঠামো পুনর্নির্মাণে সরাসরি আর্থিক সহায়তা দেওয়ার কথা ছিল। এর বিনিময়ে হুথিদের হামলা বন্ধ রাখার কথা ছিল। হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুললেও সৌদি আরবের অবস্থান হলো, সামরিক চাপের মুখে নতুন করে যুদ্ধবিরতিতে যাবে না দেশটি।

প্রতিবেদন অনুযায়ী, মক্কা যৌথ প্রতিরক্ষা জোটের প্রতিনিধিদের সঙ্গে ইরানি নেতৃত্বের এটিই প্রথম আনুষ্ঠানিক বৈঠক। গত সপ্তাহে পাকিস্তানের সেনাপ্রধানের তেহরান সফরের সময় এ বৈঠকের উদ্যোগ নেওয়া হয়।

তবে হুথিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব কিংবা সামরিক বিমানে করে তেহরানে অর্থ নিয়ে যাওয়ার দাবি স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

Home R3