১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রস্তাব নাকচ করে ইরানের হুমকি, করণীয় ভেবে পাচ্ছে না যুক্তরাষ্ট্র !

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তাব নাকচ করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবে না। একই সঙ্গে ইরান আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহারের ঘোষণা দিয়েছে।

আইআরজিসি দাবি করেছে, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস হয়ে গেছে—যুক্তরাষ্ট্রের এমন দাবি সম্পূর্ণ মিথ্যা। তাদের ভাষ্য অনুযায়ী, বর্তমানে আগের চেয়ে বেশি সংখ্যক ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে এবং এসব ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডের ওজন এক টনেরও বেশি।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ইরান হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেয়, তাহলে যুক্তরাষ্ট্র ‘২০ গুণ বেশি কঠোর আঘাত’ হানবে। তবে এর কয়েক ঘণ্টা আগেই তিনি বলেছিলেন, চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবেও ইরানের হামলার খবর পাওয়া গেছে। বাহরাইনের রাজধানী মানামায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া মধ্য ইসরায়েলে আরও দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।