১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

‘অতি জরুরি’ বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। রাজনৈতিক দলগুলোর মতভিন্নতার কারণে সনদ বাস্তবায়নের পথ রুদ্ধ হয়ে পড়ছে বলে জানা গেছে।

এ পরিস্থিতিতে বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে ‘অতি জরুরি বৈঠক’ ডেকেছে জাতীয় ঐকমত্য কমিশন। সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও কমিশনের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সভাপতিত্ব করেন তিনিই, যিনি জাতীয় ঐকমত্য কমিশনেরও প্রধান।

কমিশনের সহসভাপতি আলী রীয়াজ স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে অতি জরুরি বৈঠকে মিলিত হবে।

চিঠিতে আরও বলা হয়, বৈঠকে অংশ নিতে প্রতিটি দলের দুজন প্রতিনিধির নাম বিকেল ৪টার মধ্যে কমিশনের কাছে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই প্রাপ্ত প্রতিনিধিরা কেবল বৈঠকে অংশ নিতে পারবেন।

রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলোর অবস্থান ও সমঝোতা অর্জনের সম্ভাবনা নিয়েই এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

Home R3