ওষুধের সংকট ঠেকানো, দাম সাশ্রয়ী রাখা এবং নতুন ওষুধ উদ্ভাবনে উৎসাহ দিতে নতুন আইন অনুমোদন করেছে ইউরোপীয় পার্লামেন্ট। দুই বছরের বেশি সময়ের আলোচনার পর বুধবার আইনটি চূড়ান্ত অনুমোদন পায়।
নতুন আইন অনুযায়ী, কোনো ওষুধের সরবরাহে দুই সপ্তাহের বেশি সময় বিঘ্ন ঘটার আশঙ্কা থাকলে উৎপাদনকারী প্রতিষ্ঠানকে অন্তত ছয় মাস আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ইউরোপীয় মেডিসিন এজেন্সিকে (ইএমএ) জানাতে হবে। আর কোনো ওষুধ বাজার থেকে স্থায়ীভাবে প্রত্যাহার করতে হলে এক বছর আগে নোটিশ দিতে হবে।
গুরুত্বপূর্ণ ওষুধের সরবরাহ স্বাভাবিক রাখতে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব বাড়ানো হয়েছে। পাশাপাশি সদস্যদেশগুলো রোগীদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ওষুধ সরবরাহের নির্দেশ দিতে পারবে।
আইনে জেনেরিক ও বায়োসিমিলার ওষুধের বাজার সম্প্রসারণ এবং নতুন ওষুধ উদ্ভাবনে প্রণোদনার ব্যবস্থা রাখা হয়েছে। নির্দিষ্ট শর্ত পূরণ করলে কোম্পানিগুলো সর্বোচ্চ ১১ বছর পর্যন্ত বাজার সুরক্ষা পাবে। অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর বিস্তার মোকাবিলায় নতুন অ্যান্টিবায়োটিক উদ্ভাবনেও বিশেষ সুবিধা দেওয়া হবে।
ইউরোপীয় পার্লামেন্টের জনস্বাস্থ্যবিষয়ক কমিটির চেয়ারম্যান অ্যাডাম জারুবাস বলেন, নতুন আইন ওষুধের উদ্ভাবন, সাশ্রয়ী দাম এবং সদস্যদেশগুলোর মানুষের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সহায়তা করবে।
আইনটির অধিকাংশ বিধান কার্যকর হবে চূড়ান্তভাবে আইনে পরিণত হওয়ার দুই বছর পর। তবে ওষুধের সরবরাহ নিশ্চিত করা ও নতুন অ্যান্টিবায়োটিক উদ্ভাবনে প্রণোদনার কিছু বিধান আগেই কার্যকর হবে।