সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ভারতীয় নাগরিকও রয়েছেন বলে নিশ্চিত করেছে দুবাইয়ে অবস্থিত ভারতীয় কনস্যুলেট।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ভারতীয় কনস্যুলেট জানায়, ভয়াবহ এ দুর্ঘটনায় ভারতীয় নাগরিকসহ বেশ কয়েকজনের প্রাণহানিতে তারা গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় ২৪ ঘণ্টার জরুরি হটলাইন নম্বর ৮০০-৪৬৩৪২ প্রকাশ করেছে কনস্যুলেট। তবে নিহত ভারতীয় নাগরিকের সঠিক সংখ্যা জানানো হয়নি।
আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোরে দেশটির আল ওয়াতান সড়কের দক্ষিণাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। ৪১ জন যাত্রী নিয়ে চলাচলকারী একটি বাস সড়কের পাশে যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত আরও দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। তাঁদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার খবর পেয়ে বিশেষায়িত উদ্ধার ও জরুরি সেবাদানকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। রাস আল খাইমাহ পুলিশ, দুবাই অ্যাম্বুলেন্স, দুবাই সিভিল ডিফেন্সসহ বিভিন্ন সংস্থার সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তদন্ত শেষে দুর্ঘটনার কারণ ও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে গত ১২ নভেম্বর ফুজাইরাহর শেখ খলিফা বিন জায়েদ সড়কে পরপর দুটি দুর্ঘটনায় ১৪ জন নিহত এবং ৩০ জন আহত হন। নিহতদের মধ্যে ১০ জন আমিরাতের নাগরিক এবং চারজন ভারতীয় ছিলেন।