মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর দেশটির সামরিক বাহিনীর শীর্ষ পাঁচ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। আইসিজের এ রায়ের পর মিয়ানমারের বিরুদ্ধে এটিই যুক্তরাজ্যের প্রথম শাস্তিমূলক পদক্ষেপ।

নিষেধাজ্ঞার আওতায় আসা পাঁচ সামরিক কর্মকর্তা হলেন মিও হুতুত হ্লাইং, মিও মিন তুন, মিয়াত থেট উ, কিয়াও সোয়ে ও কিয়াও সোয়ার উ।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, গণহত্যার মতো ভয়াবহ অপরাধের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে দেশটির মূল্যবোধের প্রতিফলন থাকতে হবে। একই সঙ্গে অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি বলেন, ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর সামরিক অভিযান চলাকালে মিয়ানমারের বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লাইং দেশটির সেনাপ্রধান ছিলেন। ওই সময় সংঘটিত বহু নৃশংসতার জন্য তিনি সরাসরি দায়ী। ২০২১ সালেই তাঁর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাজ্য।

মিলিব্যান্ড আরও বলেন, মিয়ানমারকে চলমান মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে হবে। অপরাধীদের বিরুদ্ধে তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের নৃশংসতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

মিয়ানমারে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ তৈরি করতে লড়াই বন্ধ করতে হবে। বেসামরিক মানুষের ওপর বিমান হামলা বন্ধ, রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং সব পক্ষকে নিয়ে রাজনৈতিক সমাধানের লক্ষ্যে সংলাপ শুরু করা প্রয়োজন।

এ ছাড়া মিয়ানমারে উড়োজাহাজের জ্বালানি সরবরাহ বন্ধ করতে নতুন আইন প্রণয়নের কথাও জানিয়েছেন তিনি। আইসিজের রায়ের পর দেশটির প্রতিরক্ষা অ্যাটাশেকেও যুক্তরাজ্য থেকে বহিষ্কার করা হয়েছে।

ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের মিলিব্যান্ড জানিয়েছেন, চলতি সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আইসিজের রায় নিয়ে আলোচনা করবে যুক্তরাজ্য। এ বিষয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে আলাদা বৈঠকও আয়োজন করা হবে।

আইসিজের রায়কে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্যের পাশাপাশি অস্ট্রেলিয়া, বেলজিয়াম, পর্তুগাল, স্পেন ও কানাডাসহ কয়েকটি দেশ।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেওয়া রায়ে আন্তর্জাতিক বিচার আদালত জানায়, আদালতের সামনে উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে গণহত্যার উদ্দেশ্য ছাড়া অন্য কোনো যুক্তিসংগত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। বিশ্বের বিভিন্ন দেশের বিচারকদের নিয়ে গঠিত আদালতের বিচারক প্যানেলে ৯-৬ ভোটে এ রায় দেওয়া হয়। ১৯৪৮ সালের গণহত্যা সনদের আরও কয়েকটি ধারা মিয়ানমার লঙ্ঘন করেছে বলেও সংখ্যাগরিষ্ঠ বিচারপতি মত দেন।

রায়ে বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনীর ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা শুদ্ধি অভিযান চলাকালে রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার বিষয়টি তুলে ধরা হয়। ওই অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যার তথ্য উল্লেখ করা হয়েছে।

অভিযানের সময় রোহিঙ্গাদের গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া, নারী ও মেয়েশিশুদের ধর্ষণ, নির্যাতন ও হত্যার মতো অপরাধের তথ্য বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। তবে মিয়ানমার তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছে।

২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর দমন-পীড়নের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসেন। বর্তমানে ১২ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়ে আছেন বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। তাঁদের মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে বাংলাদেশ।

সে সময় মিয়ানমারের নেতৃত্বে ছিলেন অং সান সু চি। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাঁকে ক্ষমতাচ্যুত করা হয়।

এদিকে মিয়ানমারে এখনো বিমান হামলা অব্যাহত রয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে আরাকান আর্মির সহিংসতার ঘটনাও ঘটছে বলে ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের জানানো হয়েছে।

Home R3