হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন ‘হাস্যকর’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য করা আবেদনকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানিয়েছেন, পাসপোর্টের মাধ্যমে নয়, বন্দিবিনিময় চুক্তির আওতায় হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

হুমায়ুন কবির বলেন, হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি। একজন সাজাপ্রাপ্ত আসামি, হত্যাকারী তো এ আবেদন করতে পারেন না।

তিনি বলেন, হত্যাকারীকে কখনোই পাসপোর্টের মাধ্যমে ফিরিয়ে আনবে না বাংলাদেশ। পলাতক হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে। শুধু অর্থের জন্য কোনো লবিস্ট তার হয়ে কাজ করলে তাদের নৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন রয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ভারতকে স্পষ্টভাবে জানিয়েছে, বন্দিবিনিময় চুক্তির আওতায় হাসিনাকে ফেরত পাঠাতে হবে।

Home R3