হাসান মাহমুদ আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ইতিহাসই গড়ে ফেলেছেন। বাংলাদেশি পেসারদের মধ্যে সর্বোচ্চবার ৫ উইকেট পাওয়ার রেকর্ড গড়ে বসেছেন তিনি। তার কীর্তিতে ভর করেই মূলত সিলেট টেস্টে বাংলাদেশের জেতার আশাটা কিছুটা হলেও টিকে আছে এখন পর্যন্ত।
তার টেস্ট ক্যারিয়ারটা মোটে ১৯ ম্যাচের। এরই মধ্যে তিনি গড়ে বসেছেন এই রেকর্ড। বাংলাদেশের হয়ে তার চেয়ে বেশি টেস্ট খেলেছেন অন্তত ২৫ জন ক্রিকেটার। তার মধ্যে পেসার ছিলেন ৫ জন। তাদের মধ্যে শাহাদাত হোসেন খেলেছেন সবচেয়ে বেশি ৩৮ ম্যাচ, সর্বোচ্চ ফাইফারের রেকর্ডটা ছিল তার দখলে, ৪টি। তার অর্ধেক ম্যাচ খেলেই এই কীর্তি নিজের করে নিয়েছেন হাসান মাহমুদ।
ম্যাচের প্রথম দিনে ২টি উইকেট তুলে নিয়েছিলেন। তবে হাসান তার আসল ভেল্কিটা দেখিয়েছেন আজ দ্বিতীয় দিন সকালে। আমির জাঙ্গুকে বোল্ড করে দিনের শুরুটা করেছেন। এরপরের বলে রস্টন চেজকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করলেন। পরের বলে জশুয়া বিশপকে আউট করতে করতেও করা হয়নি, ডিআরএস বাঁধা না হলে হ্যাটট্রিকটাও হয়ে যেত বৈকি!
তবে সেই বিশপকে পরে লিটন দাসের নৈপুণ্যে আউট করেন হাসান। সঙ্গে সঙ্গে কীর্তিটা গড়া হয়ে যায় তার। টেস্টে সবচেয়ে বেশিবার ৫ উইকেট পাওয়া বাংলাদেশি পেসার বনে যান হাসান মাহমুদ।
তবে তিনি সেখানে থামেননি। শামার জোসেফকে বোল্ড করেছেন, ক্যারিয়ারে দ্বিতীয় বারের মতো ৬ উইকেট তুলে নিয়েছেন এক ইনিংসে।