ফের প্রধানমন্ত্রী হতে চান নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী পদে আবারও দায়িত্ব পালনের আগ্রহ প্রকাশ করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। এ লক্ষ্যে আরব-প্রধান দলগুলোকে বাদ দিয়ে তাঁর নেতৃত্বে একটি ‘বৃহত্তর জাতীয় সরকার’ গঠনের আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে বিরোধী শিবিরের নেতারা মঙ্গলবার বৈঠকে বসছেন। প্রধানমন্ত্রী পদে গাদি আইজেনকটকে সমর্থন দেওয়ার পর এই প্রথম একসঙ্গে আলোচনায় বসবেন তাঁরা।

গত সপ্তাহের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে কোনো শিবিরই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আইজেনকটের দল ইয়াশার জানিয়েছে, ‘পরিবর্তন ব্লক’-এর নেতারা মঙ্গলবার সকালে হার্জলিয়ায় বৈঠক করবেন। সেখানে জোটের পরবর্তী পদক্ষেপ ও সমন্বয় নিয়ে আলোচনা হবে।

নির্বাচনে আইজেনকটের ব্লক ৪৮টি আসন পেয়েছে। অন্যদিকে নেতানিয়াহুর শিবির পেয়েছে ৫৩টি আসন, যার মধ্যে তাঁর লিকুদ পার্টির আসন ২৭টি। ১২০ আসনের পার্লামেন্টে আরব-প্রধান তালিকাগুলো পেয়েছে ১৯টি আসন। ফলে সরকার গঠনে তাদের সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

সোমবার নেতানিয়াহু আরব দলগুলোকে বাদ দিয়ে ‘বৃহত্তর জাতীয় সরকার’ গঠনের আহ্বান জানান। তাঁর দাবি, বৃহত্তম দলের নেতা হিসেবে পরবর্তী জোট সরকারের নেতৃত্ব দেওয়ার অধিকার তাঁরই রয়েছে।

লিকুদ পার্টির টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘ইহুদি জনগণের স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা লিকুদকে বৃহত্তম দল হিসেবে এবং আমাকে প্রধানমন্ত্রী হিসেবে পরবর্তী সরকার পরিচালনার জন্য বেছে নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের অংশীদারদের সঙ্গে এবং সন্ত্রাসবাদকে সমর্থন করে না—এমন যেকোনো দলের সঙ্গে একটি বৃহত্তর সরকার গঠন করতে চাই।’

আরব-প্রধান দলগুলোর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা নাকচ করে নেতানিয়াহু অভিযোগ করেন, দলগুলো ‘সন্ত্রাসবাদকে সমর্থন করে এবং ইহুদি রাষ্ট্রের অস্তিত্ব অস্বীকার করে’।

তবে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার নিন্দা জানিয়েছিলেন আরব ইসরাইলি দলগুলোর নেতারা। যদিও তাঁরা ফিলিস্তিনি ইসলামপন্থী সংগঠনটিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করেননি। রা’আম পার্টির নেতা ইসরাইলকে ‘ইহুদি রাষ্ট্র’ হিসেবে স্বীকৃতি দিলেও অন্য নেতারা এ সংজ্ঞা প্রত্যাখ্যান করেছেন।

নির্বাচনের আগে এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে আরব-প্রধান দুটি তালিকার নেতারা তাঁদের অভিন্ন লক্ষ্য তুলে ধরেছিলেন। তাঁদের বক্তব্য, তাঁরা যে সরকারকে ‘বর্ণবাদী’ বলে মনে করেন, সেই সরকারের পতন ঘটাতে চান।

Home R3