কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা কট্টর হিন্দুত্ববাদীদের

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা করেছে কট্টরপন্থী হিন্দুত্ববাদী সংগঠন ‘বঙ্গসেনা’। বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাধীন সনাতনী রাষ্ট্র প্রতিষ্ঠা এবং চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে শনিবার (৩১ অক্টোবর) সংগঠনটির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। তবে পুলিশের বাধায় উপ-হাইকমিশনের মূল ফটক পর্যন্ত পৌঁছাতে পারেননি তারা।

শনিবার শিয়ালদহ স্টেশন চত্বর থেকে মিছিল বের করেন বঙ্গসেনার কর্মী-সমর্থকেরা। মিছিলের সামনের সারিতে গেরুয়া পোশাক পরা বিপুলসংখ্যক সন্ন্যাসী ও সন্ন্যাসিনীকে দেখা যায়। বিভিন্ন স্লোগান দিয়ে মিছিলটি পার্ক সার্কাসে অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের দিকে অগ্রসর হয়।

মিছিলটি উপ-হাইকমিশনের কাছাকাছি পৌঁছালে আগে থেকেই প্রস্তুত থাকা কলকাতা পুলিশ ডাবল ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের আটকে দেয়। মিশন থেকে প্রায় ৩০০ গজ দূরে তাদের থামিয়ে দেওয়া হয়।

এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সামান্য বাগ্‌বিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। তবে প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। পরে ব্যারিকেডের সামনে অবস্থান নিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ করেন বঙ্গসেনার সদস্যরা।

বিক্ষোভ কর্মসূচির কারণে পার্ক সার্কাস ও আশপাশের এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। শনিবার উপ-হাইকমিশন বন্ধ থাকায় সংগঠনের প্রতিনিধিরা কোনো স্মারকলিপি জমা দিতে পারেননি। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মিশন ও আশপাশের এলাকায় আগে থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।

উল্লেখ্য, চলতি মাসে বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে উত্তেজনা সৃষ্টির এটি দ্বিতীয় ঘটনা। এর আগে গত ৩ অক্টোবর ‘ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া’ এবং বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠানের সন্ন্যাসীরা প্রায় একই দাবিতে মিশনের বাইরে অবস্থান কর্মসূচি পালন করেন। সেদিন তাঁরা মিশনের কর্মকর্তাদের কাছে একটি স্মারকলিপিও জমা দিয়েছিলেন।

Home R3