যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য দুই বাংলাদেশি নাগরিককে খুঁজছে দেশটির পুলিশ। তাদের সন্ধানে সাধারণ মানুষের সহযোগিতা চাওয়ার পাশাপাশি তথ্যের জন্য ১০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা করেছে দাতব্য সংস্থা ক্রাইম স্টপার্স।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) লন্ডন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযুক্ত দুই ব্যক্তি হলেন ৩১ বছর বয়সী শওকত আহমেদ ও ৩৪ বছর বয়সী জাহিদুল হাসান জায়গীরদার। তাদের দুজনেরই টাওয়ার হ্যামলেটস এলাকার সঙ্গে যোগাযোগ রয়েছে। পুলিশের ধারণা, শওকত যুক্তরাজ্যে এবং জাহিদুল বাংলাদেশে অবস্থান করছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১ আগস্ট রাতে বেথনাল গ্রিন এলাকায় এ ঘটনা ঘটে। কিশোরীর অভিযোগ, হোয়াইটচ্যাপেল রোডে ওই দুই ব্যক্তির সঙ্গে পরিচয়ের পর তারা তাকে উইভার্স ফিল্ডস পার্কে নিয়ে ধর্ষণ করেন। পরে এক পথচারী তাকে সহায়তা করেন।
ঘটনার পর থেকে পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, ফরেনসিক পরীক্ষা ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদসহ বিভিন্নভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে। তদন্তকারীরা দুই ব্যক্তির অবস্থান শনাক্ত করে তাদের জিজ্ঞাসাবাদ করতে চান।
এ ঘটনায় কোনো তথ্য থাকলে ১০১ নম্বরে ফোন করে ০১/৬৬৮২৯৫/২৪ রেফারেন্স নম্বর উল্লেখ করতে বলেছে পুলিশ। পরিচয় গোপন রেখে তথ্য দিতে ক্রাইম স্টপার্সের ০৮০০ ৫৫৫ ১১১ নম্বরে যোগাযোগ করা যাবে। তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার ও দোষী সাব্যস্ত করতে সহায়তা করলে ১০ হাজার পাউন্ড পুরস্কার দেওয়া হবে।