পর্তুগালে উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পত্তি বিক্রিতে নতুন আইন

পর্তুগালে উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পত্তি নিয়ে বিরোধের কারণে বিক্রি আটকে থাকলে নতুন নিয়মে দুই বছর পর একজন উত্তরাধিকারীই বিক্রির প্রক্রিয়া শুরু করতে পারবেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠকে এ-সংক্রান্ত ডিক্রি-আইন অনুমোদন করেছে দেশটির সরকার।

নতুন নিয়ম অনুযায়ী, বিক্রির আগে উত্তরাধিকারীরা বিরোধ মেটাতে ছয় মাস সময় পাবেন। সমঝোতা না হলে স্বাধীন মূল্যায়নের মাধ্যমে সম্পত্তির দাম নির্ধারণ করে ইলেকট্রনিক নিলামে বিক্রি করা হবে। উত্তরাধিকারীরাও নিলামে সম্পত্তি কেনার সুযোগ পাবেন। তবে জীবিত স্বামী বা স্ত্রী কিংবা আইনস্বীকৃত সঙ্গীর সম্মতি ছাড়া পরিবারের বসবাসের বাড়ি এ প্রক্রিয়ায় বিক্রি করা যাবে না।

সরকারের তথ্য অনুযায়ী, পর্তুগালে প্রায় ৪ লাখ ৮৫ হাজার বাড়ি খালি পড়ে রয়েছে। এ ছাড়া উত্তরাধিকারসংক্রান্ত বিরোধের কারণে প্রায় ৩৪ লাখ গ্রামীণ জমির প্লট অব্যবহৃত রয়েছে। দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি এবং অব্যবহৃত সম্পত্তি বাজারে আনতেই নতুন আইন করা হয়েছে।

Home R3