এবার ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন সাবেক মডেল ও মিস সুইজারল্যান্ড বিয়াত্রিস কিউল। স্থানীয় সময় গতকাল সোমবার প্রকাশিত মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের ডেমোক্র্যাট সদস্যদের এক প্রতিবেদনে এই অভিযোগ তুলে ধরা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯৩ সালের নভেম্বরে নিউইয়র্কের প্লাজ়া হোটেলে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সময় কিউল যৌন হেনস্থার শিকার হন এবং পরে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন। তবে হোয়াইট হাউস এই অভিযোগ অস্বীকার করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, প্রতিবেদনটি তৈরি করেছে মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যরা। এতে কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের অপরাধ এবং তাঁর সঙ্গে ট্রাম্পের কথিত যোগসূত্র নিয়ে তদন্তের বিবরণ রয়েছে। প্রতিবেদনে কিউলসহ পাঁচ নারীর বক্তব্যের সারাংশ তুলে ধরা হয়েছে, যাঁরা ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণ অথবা যৌন হেনস্থার অভিযোগ এনেছেন।

প্রতিবেদন অনুযায়ী, ডেমোক্র্যাটদের কমিটির কর্মীদের সঙ্গে কয়েক সপ্তাহ ধরে একাধিক দফায় সাক্ষাৎকারে কিউল জানান, তাঁর বয়স যখন ২৪ বছর, তখন নিউইয়র্কের প্লাজ়া হোটেলে এক সৌন্দর্য প্রতিযোগিতা-সংক্রান্ত অনুষ্ঠানে ট্রাম্পের সঙ্গে তাঁর পরিচয় হয়। সে সময় হোটেলটির মালিক ছিলেন ট্রাম্প।

কিউলের দাবি, ট্রাম্প তাঁকে ভিসার ব্যবস্থা করে দেওয়ার এবং নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতিবেদনে তাঁর বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, ট্রাম্প তাঁকে বলেছিলেন, ‘আমি তোমার দেখাশোনা করব।’ কিউলের অভিযোগ, ট্রাম্পের সঙ্গে কথোপকথন শেষ হওয়ার পরপরই এপস্টিন তাঁর কাছে আসেন। নিজেকে ট্রাম্পের ‘সবচেয়ে ভালো বন্ধু’ হিসেবে পরিচয় দিয়ে এপস্টিন তাঁকে ফ্লোরিডায় ট্রাম্পের মার-আ-লাগো ক্লাবে একটি পার্টিতে আমন্ত্রণ জানান। এপস্টিন নাকি বলেছিলেন, ‘আমরা ডনের সঙ্গে অনেক পার্টির আয়োজন করি।’

Home R3