ভারতের রাজধানী নয়াদিল্লিতে পার্লামেন্ট ভবনের কাছে অবস্থিত গুরুত্বপূর্ণ সরকারি ভবন নর্থ ব্লকের ছাদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে ভবনটির ছাদে মেরামতের কাজ চলাকালে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এনডিটিভি ও টাইমস নাউয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল ১১টা ১০ মিনিটে ভবনটি থেকে ঘন ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে জানা যায়, ভবনের ভেতরে ভাঙার কাজ এবং ছাদে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের একটি বয়লারে ঝালাইয়ের কাজ চলছিল। এ সময় শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, নর্থ ব্লকের ছাদে স্থাপিত একটি এসি বয়লারে আগুন লাগে। ঝালাইয়ের কাজ চলার সময় আকস্মিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ঘটনার সময় শিবসেনা নেতা ও রাজ্যসভার সংসদ সদস্য মিলিন্দ দেওরা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, সংসদে যাওয়ার পথে তিনি নর্থ ব্লকের পেছন থেকে ঘন ধোঁয়া উঠতে দেখেছেন। এ সময় ভবনটিতে অবস্থানরত সবার নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি সেবাদানকারী দল দ্রুত পৌঁছানোর প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
নর্থ ব্লক ভারতের সেন্ট্রাল ভিস্তা প্রশাসনিক এলাকার একটি গুরুত্বপূর্ণ ভবন। এখানে দেশটির স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি দপ্তর অবস্থিত।