জরিপ ভুয়া, আমাকে হারানোর সাধ্য কারো নাই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে নিজের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত দেওয়া সাম্প্রতিক জনমত জরিপগুলোকে ভুয়া ও ভিত্তিহীন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জরিপে তাঁর জনসমর্থন কম দেখা গেলেও প্রকৃত সমর্থন ৬০ শতাংশের কাছাকাছি বলে দাবি করেছেন তিনি।

সম্প্রতি ‘দ্য ওয়াশিংটন এক্সামিনার’কে দেওয়া এক সাক্ষাৎকারে জনমত জরিপের তথ্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প। রিয়েলক্লিয়ারপলিটিকসের গড় হিসাবে তাঁর প্রতি জনসমর্থন ৩৮ দশমিক ৮ শতাংশ দেখানো হয়েছে। তবে এই পরিসংখ্যান প্রত্যাখ্যান করে ট্রাম্প দাবি করেন, জরিপের তথ্য কাল্পনিক এবং নির্বাচনে তাঁকে হারানোর ক্ষমতা কারও নেই। নিজের দাবির পক্ষে রিপাবলিকান পার্টির ভোটার ও ‘মাগা’ (মেক আমেরিকা গ্রেট এগেইন) সমর্থকদের দৃঢ় সমর্থনের কথা তুলে ধরেন তিনি।

তবে বিভিন্ন জাতীয় জনমত জরিপে ভিন্ন চিত্র উঠে এসেছে। রয়টার্স ও ইপসোসের সাম্প্রতিক জরিপে ট্রাম্পের কাজের প্রতি অসন্তোষ জানিয়েছেন ৬৫ শতাংশ উত্তরদাতা। বিপরীতে, তাঁর প্রতি সমর্থন জানিয়েছেন ৩৪ শতাংশ। পিউ রিসার্চ সেন্টারের জরিপে তাঁর সমর্থন ৩০ শতাংশে নেমে এসেছে। অন্যদিকে, নিউইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজের যৌথ জরিপেও তাঁর প্রতি সমর্থন ৩৪ শতাংশ দেখা গেছে।

এদিকে, জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান ওয়েজউড রিসার্চের তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে সাম্প্রতিক বিতর্ক ট্রাম্পের জরিপবিরোধী অবস্থানকে আরও জোরালো করেছে। তবে প্রকাশকদের দাবি, তাদের গড় হিসাব তৈরির ক্ষেত্রে বিতর্কিত জরিপগুলো অন্তর্ভুক্ত করা হয়নি।

সিএনএনের প্রধান তথ্য বিশ্লেষক হ্যারি এনটেনের এক পর্যালোচনায় দেখা গেছে, ‘মাগা’ সমর্থক রিপাবলিকানদের মধ্যে ট্রাম্পের প্রতি সমর্থন এখনো ৯৮ থেকে ৯৯ শতাংশের মধ্যে রয়েছে। এ বিশ্লেষণের প্রশংসা করে ট্রাম্প বলেন, মূলধারার গণমাধ্যমগুলো যদি এমন চিত্র তুলে ধরে, তবে তাদের প্রতি তাঁর আরও ইতিবাচক মনোভাব তৈরি হবে।

তবে এনটেনের বিশ্লেষণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ট্রাম্পের ভূমিকা নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে নেতিবাচক মনোভাবের বিষয়টিও উঠে এসেছে। সব মিলিয়ে, নিজ দলের সমর্থকদের মধ্যে শক্ত অবস্থান বজায় থাকলেও সাধারণ ভোটারদের মধ্যে জনসমর্থন কমে যাওয়ার প্রবণতা আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প ও রিপাবলিকান পার্টির জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

Home R3