বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তুলতে সেনাদের প্রশিক্ষণ জোরদারের নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।
শনিবার (২৪ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানায়, বৃহস্পতিবার ও শুক্রবার পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত দুই দিনব্যাপী কোরিয়ান পিপলস আর্মির কোম্পানি কমান্ডারদের সম্মেলনে তিনি এ নির্দেশ দেন।
প্রতিবেদনে বলা হয়, সম্মেলনের লক্ষ্য ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তোলার জন্য প্রশিক্ষণ পরিকল্পনা প্রণয়ন করা।
কিম বলেন, উত্তর কোরিয়ার সেনাবাহিনীর প্রতিটি কোম্পানিকে সামরিক ও প্রযুক্তিগত দিক থেকে শক্তিশালী এবং দক্ষ এলিট ইউনিটে পরিণত করতে হবে। একই সঙ্গে এসব ইউনিটকে পূর্ণাঙ্গ যুদ্ধক্ষমতাসম্পন্ন বাহিনী হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
কেসিএনএ জানায়, গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ক্ষমতাসীন দলের কংগ্রেসের পর পুরো সেনাবাহিনীর প্রতিনিধিদের নিয়ে এটিই ছিল প্রথম এ ধরনের সমাবেশ।
ওই কংগ্রেসে কিম প্রচলিত সামরিক শক্তি আরও বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র উন্নয়নের পরিকল্পনাও পুনর্ব্যক্ত করেন তিনি।
উত্তর কোরিয়া সম্প্রতি একের পর এক নতুন অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এর মধ্যে রয়েছে নতুন ধরনের নির্ভুল লক্ষ্যভেদে সক্ষম টর্পেডো ব্যবস্থা এবং মধ্যপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। দেশটির দাবি, উভয় অস্ত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
জাতিসংঘের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া নিজেদের পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অবস্থান বজায় রেখেছে। দেশটির সরকার বারবার ঘোষণা দিয়েছে, তাদের পারমাণবিক অস্ত্রভান্ডার স্থায়ী এবং এ অবস্থান থেকে তারা সরে আসবে না।