জামায়াতে ইসলামী সাধারণ মানুষের জন্য কাজ করে না বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। তাঁর দাবি, জামায়াতের কার্যক্রম মূলত নিজেদের কর্মী ও সমর্থকদের ঘিরেই পরিচালিত হয়। তিনি দলটিকে রাজনৈতিক দলের পরিবর্তে একটি সমিতি বলেও মন্তব্য করেন।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এমপি খোকন বলেন, জামায়াত ১৮ কোটি মানুষের জন্য কাজ করে না। সাধারণ মানুষ বলে, জামায়াতের কর্মী ছাড়া দলটি অন্য কাউকে ভিক্ষাও দেয় না। তাঁর ভাষায়, তারা কোনো রাজনৈতিক দল নয়, একটি সমিতি।
পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে সংসদ সদস্য বলেন, স্থানীয় প্রশাসন সুন্দরভাবে পূজামণ্ডপগুলোর নিরাপত্তার দায়িত্ব পালন করছে। কালকিনি উপজেলার প্রতিটি পূজামণ্ডপে গিয়ে প্রশাসনের কর্মকর্তারা খোঁজখবর নিচ্ছেন। সনাতন ধর্মাবলম্বীরা প্রশাসনকে পাশে পেয়ে আনন্দিত ও উচ্ছ্বসিত।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাউছ উর রহমানসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।