সাংবাদিকদের ‘কুকুরের মতো পেটানো দরকার’ বললেন এনায়েতুল্লাহ আব্বাসী

মাদকবিরোধী অভিযানের ইতিবাচক দিক প্রচার না করার অভিযোগ তুলে সাংবাদিকদের কঠোর সমালোচনা করেছেন ইসলামী বক্তা ড. সাইয়্যেদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী। তিনি বলেছেন, ‘সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো। এগুলোকে কুত্তার মতো পেটানো দরকার।’

সোমবার (১৯ অক্টোবর) রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেনের অস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়া এবং এ ঘটনাকে কেন্দ্র করে পদত্যাগের প্রসঙ্গ তুলে আব্বাসী বলেন, ইশরাক হোসেন মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, যা সঠিক। তবে পিস্তল উঁচিয়ে ধরার পদ্ধতিটি খারাপ হলেও তাঁর উদ্দেশ্য মহৎ ছিল বলে মন্তব্য করেন তিনি।

আব্বাসীর অভিযোগ, সাংবাদিকেরা মাদকবিরোধী অভিযানের ইতিবাচক দিক প্রচার না করে পিস্তল হাতে দৌড়ানোর বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি সাংবাদিকদের ‘সাংঘাতিক’ বলেও কটাক্ষ করেন।

তিনি সাংবাদিকদের একাংশকে ‘হলুদ সাংবাদিক’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান। তাঁর অভিযোগ, এসব সাংবাদিক বিদেশি গোয়েন্দা সংস্থার অর্থায়নে পরিচালিত হন এবং বাংলাদেশের উন্নতি চান না।

আব্বাসী আরও বলেন, সাংবাদিকেরা ইতিবাচক সংবাদ প্রচার করলে মাদকবিরোধী অভিযান নিয়ে সরকারের সিদ্ধান্ত ভিন্ন হতে পারত। দেশে মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

বক্তব্যের অন্য অংশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার প্রসঙ্গে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি। আব্বাসী বলেন, অপরাধীদের বিচার ও খুনিদের শাস্তি নিশ্চিত করতে হবে, তবে নিরীহ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের যেন কোনো ক্ষতি না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, বিএনপি, জামায়াত, এনসিপি ও আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক সমাজে রয়েছেন। আওয়ামী লীগের কোনো সমর্থক নেই, এমন দাবি সঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।

রাজনৈতিক মতভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন এই ইসলামী বক্তা।

Home R3